এক দশকের অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো
আন্তর্জাতিক ডেস্ক
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকেরও বেশি সময় পর আবারও মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে ফরলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে ৪৬ বছর বয়সী এই তারকার।
গত জুনে সবাইকে চমকে দিয়ে ইতালির সেরি ‘সি’-র দল রাভেনায় যোগ দেন রোনালদিনহো। তবে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে মাঠে নামেননি তিনি। শুক্রবার রাভেনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার অভিষেকের তারিখ ঘোষণা করে। সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন সাবেক এই ব্রাজিলিয়ান আন্তর্জাতিক তারকা।
রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে রাভেনা। ক্লাবটি জানিয়েছে, তার মাঠে ফেরার ম্যাচটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের দৃষ্টি ইতালির স্তাদিও ব্রুনো বেনেল্লির দিকে নিয়ে আসবে। ক্লাবের ভাষায়, রোনালদিনহোর প্রতিভা, হাসি ও জাদুকরি ফুটবল প্রজন্মের পর প্রজন্ম ধরে সমর্থকদের মুগ্ধ করেছে।
প্রখ্যাত ‘সিপ্রিয়ানি’ রেস্তোরাঁ ব্র্যান্ডের ইগনাজিও সিপ্রিয়ানি ক্লাবটির পরিচালনার দায়িত্বে রয়েছেন। তিনি জানিয়েছেন, রোনালদিনহোর ক্যারিয়ারের শেষ গোলটি রাভেনার জার্সি গায়ে দেখাই তার স্বপ্ন। গত আগস্টে সমুদ্রসৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে সমর্থকদের সামনে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
ইতালির ফুটবলে এটি হবে রোনালদিনহোর দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনার মতো ক্লাবেও প্রতিনিধিত্ব করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে ব্যালন ডি’অর জেতেন তিনি।
রাভেনার মতে, কিছু ফুটবলার তাদের শিরোপার জন্য স্মরণীয় হয়ে থাকেন, আবার কেউ কেউ মানুষের মনে জায়গা করে নেন খেলার আনন্দ উপহার দেওয়ার মাধ্যমে। রোনালদিনহো সেই বিরল প্রতিভাদের একজন, যিনি ড্রিবলিং, সৃজনশীলতা ও হাসির মাধ্যমে ফুটবলকে আনন্দের খেলায় পরিণত করেছেন।
বর্তমানে সেরি ‘সি’-র নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে রাভেনা। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ইতালির এই লিগের দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘিরে ক্লাবটির প্রত্যাশা, দীর্ঘ বিরতির পর আবারও মাঠে দেখা যাবে তার সেই চেনা জাদু।
টাইম ডেস্ক/জএইচ
খেলা এর আরো খবর
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর