ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি সমাজের জন্য একটি ভাইরাস বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হলে দেশে বারবার বিপ্লব ফিরে আসবে বলেও সতর্ক করেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, যারা জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হবেন, তাঁদের পরিণতিও ৭ নভেম্বরের মতো হতে পারে।
১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, শেখ মুজিবুর রহমানের শাসনামলে ইসলামী সংগঠন নিষিদ্ধ, একদলীয় শাসন প্রতিষ্ঠা, বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং বিনা বিচারে হত্যার ঘটনা ঘটেছিল।
রক্ষীবাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, বাহিনীটিকে জবাবদিহির বাইরে রেখে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল এবং এ বাহিনীর হাতে ৩৪ হাজার মানুষ নিহত হন, যাঁদের মধ্যে অন্তত ১০ হাজার মুক্তিযোদ্ধা ছিলেন। এসব অভিযোগের পক্ষে বক্তব্যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল। তৎকালীন সরকারের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট ও জনগণের অধিকার হরণের অভিযোগও তোলেন তিনি।
জামায়াত আমিরের মতে, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই শিক্ষা গ্রহণের প্রতিফলন দেখা যাচ্ছে না।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা