মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলনের নামে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট ও জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে মিরপুর-১০ নম্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন উত্তর মো. মহিদুল ইসলাম।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুল রোডসহ সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মাঠে কাজ করছেন।
মহিদুল ইসলাম বলেন, আন্দোলনের অজুহাতে কেউ দেশকে অস্থিতিশীল করা, জনদুর্ভোগ সৃষ্টি, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে মিরপুরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বুধবার শ্রমিকেরা সড়কে নামতে পারেননি। অনেক পোশাক কারখানার শ্রমিক কাজে ফিরেছেন এবং কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে।
এসব ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। তাঁর মতে, অভিযান অব্যাহত রয়েছে। কাউকে আটকের আগে জ্যেষ্ঠ কর্মকর্তাদের তদারকিতে যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়া গেলে নিরীহ শ্রমিক ও পথচারীদের ছেড়ে দেওয়া হচ্ছে।
অভিযানে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। সব ইউনিটের মধ্যে সমন্বয় রয়েছে বলেও জানান তিনি।
শ্রমিকদের উদ্দেশে মহিদুল ইসলাম বলেন, বেতন বাড়ানোর দাবির বিষয়ে শ্রমিক মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও কাজ চলছে। প্রকৃত শ্রমিকেরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত নন। তাঁর অভিযোগ, শ্রমিকদের উসকানি দিয়ে যারা সহিংসতা, কারখানায় অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে, তাদের উদ্দেশ্য গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল করা।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব। অপরাধীরা যত শক্তিশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা