বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে খুলনা ও বাগেরহাটে। নগরজুড়ে রঙিন গ্রাফিতি ও সাজসজ্জার পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা বন্দর পরিদর্শন এবং উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এরপর বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্ব উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে দক্ষিণাঞ্চলের অবকাঠামো, বন্দর ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এ অঞ্চলে নতুন শিল্পকারখানা গড়ে উঠলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বেকারত্ব কমবে। পাশাপাশি খুলনাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এবারের নতুন কুঁড়ি স্পোর্টসে সারা দেশ থেকে প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী নিবন্ধন করেছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নতুন প্রতিভা অন্বেষণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, এ আয়োজন নিয়ে খুলনাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। অনুষ্ঠান সফল করতে বিভিন্ন সাব-কমিটি গঠন করে প্রস্তুতির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, স্কুলশিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কুঁড়ি যেন সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও বিস্তৃত হয়, সেটিই তাঁদের প্রত্যাশা।
এদিকে, দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মোংলা বন্দরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বন্দরটির সক্ষমতা বৃদ্ধি ও নাব্যসংকট নিরসনে সংশ্লিষ্টদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এম. রফিকুল ইসলাম বলেন, চালনা থেকে হিরন পয়েন্ট পর্যন্ত নদীপথের একটি মডেল টেস্ট করা প্রয়োজন। নদীর নাব্যতা ও গতিপ্রকৃতি বিবেচনায় নিয়ে নিয়মিত ও স্থায়ী ড্রেজিংয়ের ব্যবস্থা করা হলে বন্দরটির কার্যক্রম আরও গতিশীল হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বলেন, মোংলা ও আশপাশের অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, নদী ও চ্যানেলের নাব্যসংকটের কারণে বর্তমানে ১০ মিটার ড্রাফটের বড় জাহাজ মোংলা বন্দরে ভিড়তে পারছে না। ফলে বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। এ পরিস্থিতিতে ড্রেজিং ও অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো খুলনা সফরে যান তারেক রহমান। ওই সফরে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা