সংশোধিত নীতিমালা প্রকাশ
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বাধা দূর হলো
অনলাইন ডেস্ক
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। নতুন বিধানে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা ও নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধিতে এ সংশোধনী আনা হয়েছে। এতে মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে লেখার সুযোগ রাখা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা নির্ধারণ করতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি নম্বরপ্লেটের ফাঁকা জায়গা, সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে সংস্থাটি।
সংশোধিত বিধিমালায় সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া বিধিমালার ৩৬ নম্বর বিধির সংশ্লিষ্ট উপবিধিতে পরিবর্তন আনার পাশাপাশি উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো মডেলভেদে ভিন্ন হওয়ায় সব ক্ষেত্রে একই মাপের নম্বরপ্লেট স্থাপন করা কঠিন। নতুন সংশোধনীর ফলে মোটরসাইকেলের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের নকশা ও বিন্যাস নির্ধারণের সুযোগ তৈরি হলো।
সড়কে যানবাহন শনাক্তকরণ, ট্রাফিক আইন প্রয়োগ এবং সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রেও সামনের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সড়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা