চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
চিকিৎসকের পরামর্শ ছাড়াই মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পরিকল্পনা দিয়েছিল চ্যাটজিপিটি। সেই পরামর্শ অনুসরণের পর খিঁচুনিতে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের সিয়াটলে বসবাসকারী ৩১ বছর বয়সী চীনা বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী বোয়েন ওয়ান। এ ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর বাবা-মা। ঘটনাটি স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থানের চেষ্টা করছিলেন বোয়েন। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতেও তাঁর নতুন চাকরি প্রয়োজন ছিল। এদিকে মৃগীরোগের চিকিৎসায় ব্যবহৃত ল্যামোট্রিজিন ওষুধের কারণে ইংরেজিতে কথা বলার দক্ষতা বাধাগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করছিলেন তিনি। চাকরির সাক্ষাৎকারে ভালো করার উদ্দেশ্যে ওষুধের মাত্রা কমানোর বিষয়ে চ্যাটজিপিটির পরামর্শ চান বোয়েন।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ওষুধ সেবন করা বোয়েনকে ধাপে ধাপে মাত্রা কমিয়ে শূন্যে নামানোর পরিকল্পনা দিয়েছিল চ্যাটজিপিটি। ওষুধ কমালে তাঁর ইংরেজিতে কথা বলার দক্ষতা ফিরে আসার সম্ভাবনা বেশি বলেও আশ্বস্ত করেছিল চ্যাটবটটি। অভিযোগ অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ না নেওয়ার বিষয়েও তাঁকে উৎসাহিত করা হয়। ওষুধের মাত্রা কমানোর সময় খিঁচুনির লক্ষণ দেখা দিলেও চ্যাটজিপিটি তাঁকে আশ্বস্ত করে এবং তাঁর অভিজ্ঞতাকে খিঁচুনি বলে শনাক্ত করতে পারেনি।
গত ১২ ফেব্রুয়ারি খিঁচুনিতে বোয়েনের মৃত্যু হয়। ১৪ ফেব্রুয়ারি চীনে থাকা তাঁর বাবা-মা সিয়াটলে পৌঁছে মেয়ের মরদেহ উদ্ধার করেন। তাঁদের অভিযোগ, চীনা ভাষায় কথোপকথনের সময় যথাযথ নিরাপত্তাব্যবস্থা থাকলে এই মৃত্যু ঠেকানো সম্ভব হতো। মামলায় ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি লাইসেন্স ছাড়া চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেওয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।
ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, বোয়েন চ্যাটজিপিটির এমন একটি পুরোনো সংস্করণ ব্যবহার করেছিলেন, যা বর্তমানে আর চালু নেই। নতুন সংস্করণগুলো জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা শনাক্ত করতে আরও সক্ষম বলেও জানিয়েছেন তিনি।
ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ চিকিৎসকের বিকল্প নয়। বিশেষ করে মৃগীরোগের মতো জটিল অসুস্থতায় চিকিৎসকের নির্দেশ ছাড়া ওষুধের মাত্রা পরিবর্তন বা বন্ধ করা বিপজ্জনক হতে পারে।
টাইম ডেস্ক/এসএ
লাইফ স্টাইল এর আরো খবর
পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা
আপনার সঙ্গী কি সাইকোপ্যাথ? সতর্ক করলেন বিশেষজ্ঞরা!
নিঃসন্তান দম্পত্তির জন্য সুখবর নিয়ে হাজির কৃত্রিম বুদ্ধিমত্তা / ১৮ বছর ধরে ব্যর্থ দম্পতি অবশেষে AI এর মাধ্যমে গর্ভধারণ করলেন!
‘অনলাইন প্রতারককে’ চিনবো যেভাবে
সহজ উপায়ে শিশু উন্নয়ন / শিশুর বুদ্ধিমত্তা ও মেধা বিকাশে কার্যকরী উপায়