বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
অনলাইন ডেস্ক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) আসামিপক্ষের জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।
শুনানিতে আখতারুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বিজি-৩৩৮ ফ্লাইটের লাগেজ পেতে দেরি হওয়ায় কয়েকজন যাত্রী ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
এজাহারে অভিযোগ করা হয়, ওই সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এবং মারধরের হুমকি দেন। এ সময় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান। এর আগে ২০২২ সালে তাঁকে পঞ্চমবারের মতো বহিষ্কার করেছিল বিএনপি।
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা