পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত শক্তি। তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে তাদের কোনো ধরনের অপতৎপরতা মেনে নেওয়া হবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে তিনি জানতে পেরেছেন। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে।
পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার পর পাহাড়ে সেনাবাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে রাজনৈতিক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপরাধের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি পুলিশের এক কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের ক্ষেত্রে কে কোন পদে রয়েছেন, তা বিবেচনা করা হবে না। আইনের চোখে সবাই সমান।
সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা