নিউইয়র্কে নিষিদ্ধ হচ্ছে ঘোড়ার গাড়ি
নিজস্ব প্রতিবেদক
পশু কল্যাণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক ও সড়কগুলোতে ঘোড়ার গাড়ি চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কাউন্সিল। বৃহস্পতিবার ৪০-৭ ভোটে ‘রোমাঞ্চস ল’ নামে আইনটি পাস হয়। আগামী ২০২৮ সালের ১ জুন থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।
কাউন্সিল সদস্য ক্রিস্টোফার মার্তের উত্থাপিত আইনটির নামকরণ করা হয়েছে ১৮ বছর বয়সী ভারতীয় পর্যটক রোমাঞ্চ মহাজনের নামে। চলতি বছরের জুনে সেন্ট্রাল পার্কে একটি ঘোড়ার গাড়ি থেকে ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ঘোড়ার গাড়ির নিরাপত্তা ও প্রাণীদের কল্যাণ নিয়ে বিতর্ক আরও জোরালো হয়।
নতুন আইন অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিলের মধ্যে ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য কর্মসংস্থান সহায়তা, পেশাগত পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা রেখে একটি রূপান্তর পরিকল্পনা তৈরি করতে হবে। গাড়ির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হলেও অর্থ পরিশোধের নিশ্চয়তা দেওয়া হয়নি।
আইনটিতে অবসরে যাওয়া ঘোড়াগুলোর সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। ঘোড়াগুলোকে জবাই করা বা অন্য কোনো অমানবিক উদ্দেশ্যে বিক্রি কিংবা হস্তান্তর করা নিষিদ্ধ হবে। তবে মালিকেরা চাইলে ঘোড়াগুলো নিজেদের কাছে রাখতে পারবেন।
সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন বলেন, এই সিদ্ধান্ত পশু কল্যাণ, জননিরাপত্তা ও শ্রমিকদের সুরক্ষার প্রতি কাউন্সিলের অঙ্গীকারের প্রতিফলন। বিলটি এখন মেয়র জোহরান মামদানির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তাঁর কার্যালয় জানিয়েছে, তিনি এতে স্বাক্ষর করতে আগ্রহী।
তবে ঘোড়ার গাড়ি পরিচালনাকারী ও ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের দাবি, নিষেধাজ্ঞার ফলে অনেক মানুষের জীবিকা ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, ১৮৫৮ সাল থেকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি চলাচল করছে। একসময় সাধারণ পরিবহনের মাধ্যম হলেও পরে এটি শহরটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়। নতুন আইন কার্যকর হলে ১৬০ বছরেরও বেশি সময়ের এই ঐতিহ্যের অবসান ঘটবে।
টাইম ডেস্ক/এসএ
নিউ ইয়র্ক এর আরো খবর
নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭
ব্রুকলিনের সানসেট পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬
ব্রুকলিনের গ্রিনপয়েন্টে সাশ্রয়ী আবাসনের লটারি, ভাড়া শুরু ৭৫১ ডলার থেকে
ব্রুকলিনে জগিং করার সময় তরুণীর ঘাড়ে ছুরিকাঘাত, সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে
কুইন্সে খেলার মাঠে ১৭ বছরের কিশোরকে গুলি, পলাতক বন্দুকধারীকে খুঁজছে এনওয়াইপিডি