অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনে ২০ হাজার আমন্ত্রণ, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) কর্মসূচির আওতায় ২০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ২০২৬–২৭ অর্থবছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত এক রাউন্ডে এসব আমন্ত্রণ দেওয়া হয়। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দক্ষ পেশাজীবীদের স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চিকিৎসক, নার্স, প্রকৌশলী, শিক্ষক, তথ্যপ্রযুক্তিবিদ, কৃষিবিজ্ঞানীসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মীদের এই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পেশাভেদে আমন্ত্রণ পাওয়ার জন্য প্রয়োজনীয় পয়েন্টের পার্থক্য রয়েছে। কোনো কোনো পেশায় ৬৫ থেকে সর্বোচ্চ ১০০ পয়েন্ট পর্যন্ত প্রয়োজন হচ্ছে।
সাবক্লাস ১৮৯ একটি পয়েন্টভিত্তিক স্থায়ী অভিবাসন ভিসা। এ ক্ষেত্রে কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ কিংবা অস্ট্রেলিয়ার কোনো রাজ্যের মনোনয়ন প্রয়োজন হয় না। আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি দক্ষতা, কর্ম-অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতার ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হয়।
আবেদনের জন্য সাধারণত ৪৫ বছরের কম বয়সী হওয়া, সংশ্লিষ্ট পেশায় ইতিবাচক স্কিলস অ্যাসেসমেন্ট এবং প্রয়োজনীয় ইংরেজি দক্ষতার প্রমাণ থাকতে হয়। ন্যূনতম ৬৫ পয়েন্ট অর্জন করলেই আমন্ত্রণ নিশ্চিত হয় না। প্রার্থীদের পেশাভিত্তিক প্রতিযোগিতা ও নির্ধারিত স্কোরও গুরুত্বপূর্ণ।
যোগ্য প্রার্থীদের প্রথমে স্কিলসিলেক্ট ব্যবস্থায় এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দিতে হয়। আমন্ত্রণ পাওয়ার পর ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ভিসার আবেদন করতে হয়। তবে আমন্ত্রণ পাওয়া মানেই ভিসা নিশ্চিত হওয়া নয়। চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা ও অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
অস্ট্রেলিয়ার ২০২৬–২৭ অর্থবছরের স্থায়ী অভিবাসন কর্মসূচিতে মোট ১ লাখ ৮৫ হাজার জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দক্ষ অভিবাসন কর্মসূচির জন্য বরাদ্দ রয়েছে ১ লাখ ৩২ হাজার ২৪০টি।
সব মিলিয়ে, অস্ট্রেলিয়ার এই কর্মসূচিতে বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের জন্যও সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আবেদনের আগে সংশ্লিষ্ট পেশার যোগ্যতা, পয়েন্ট এবং সর্বশেষ সরকারি নির্দেশনা যাচাই করার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দেড় লক্ষাধিক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে
ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন, মৃত্যুদণ্ড না দেওয়ার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ এমপি
১৫০ বছর বাঁচতে চান পুতিন! প্রেসিডেন্টের ইচ্ছাপূরণে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রুশ বিজ্ঞানীরা
প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু
জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার