রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা
অনলাইন ডেস্ক
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত শাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি জানান, শাহেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা ছিলেন এবং তাঁর দুই সন্তান রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১০ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শাহেদ হলেন ১১তম। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার জন্য বিনা মূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, তাঁদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে সরকার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, প্রতিটি দেশের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে। আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট ঘটনাটি ২০২৩ সালে ঘটেছিল বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। কোনো বাংলাদেশি নাগরিকের সাজা হওয়ার খবর মন্ত্রণালয় জানতে পারলে তাঁদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে বিদেশে বাংলাদেশের মিশনগুলো সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।
বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশিদের গন্তব্য দেশের আইন ও বিধিবিধান সম্পর্কে আগেই জেনে নেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ। বিদেশে কর্মী নিয়োগের ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, দালালদের কারণে অভিবাসী কর্মীদের খরচ বেড়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা