রংপুরের পথে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
প্রেস সচিব বলেন, সরকারের নীতি হলো—‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এবার পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের জেএম সেন হল, রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা