গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া কর আদায়ে হাইকোর্টের রায় স্থগিত
অনলাইন ডেস্ক
পুনর্মূল্যায়নের পর পাঁচটি করবর্ষের বিপরীতে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গ্রামীণ কল্যাণের করা পৃথক লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
এ ছাড়া গ্রামীণ কল্যাণের লিভ টু আপিল শুনানির জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, আবদুল্লাহ আল মামুন ও সরদার জিন্নাত আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।
আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, রায় স্থগিত হওয়ায় আপাতত ওই অর্থ আদায়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে তিনি বলেন, ২০২৪ সালের পর থেকে সাবেক প্রধান উপদেষ্টা গ্রামীণ কল্যাণের সঙ্গে আর যুক্ত নেই।
এর আগে পুনর্মূল্যায়নের পর পাঁচটি করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকা প্রদেয় কর দাবির বিষয়ে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিষয়বস্তুর ওপর শুনানি শেষে ২০২৪ সালের ৪ আগস্ট এ রায় দেওয়া হয়েছিল। এর পরদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়।
পরে ২০২৪ সালের ২৯ আগস্ট রায়টি প্রত্যাহার করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। রায় প্রত্যাহারের কারণ হিসেবে বলা হয়েছিল, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি একসময় এসব মামলায় সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এরপর পুনরায় শুনানি শেষে গ্রামীণ কল্যাণের রিটগুলো খারিজ করে দেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধেই পৃথক লিভ টু আপিল করে প্রতিষ্ঠানটি।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা