মাদকবিরোধী অভিযানে অস্ত্র বহনের ব্যাখ্যা দিলেন ইশরাক
অনলাইন ডেস্ক
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার ভাইরাল ভিডিও নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর দাবি, সম্ভাব্য হামলা মোকাবিলা ও আত্মরক্ষার স্বার্থে অল্প সময়ের জন্য তিনি নিজের লাইসেন্সকৃত অস্ত্রটি উঁচিয়ে ধরেছিলেন।
গত শনিবার বিকেলে গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। প্রতিমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে অভিযানের ভিডিও প্রকাশের পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ বিবৃতি দিয়ে ঘটনার ব্যাখ্যা দেন তিনি।
বিবৃতিতে ইশরাক হোসেন জানান, ঢাকা-৬ আসনের দায়িত্ব নেওয়ার পর থেকে গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক, করাতিটোলাসহ আশপাশের এলাকায় মাদক কারবার নিয়ে তিনি নিয়মিত অভিযোগ পেয়ে আসছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের পর এসব এলাকা মাদক সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। গত জুনে মাদকসংক্রান্ত ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার পর তিনি এলাকা পরিদর্শন করেন এবং সেখানে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে আধা সরকারি পত্র (ডিও লেটার) দেন।
শনিবারের অভিযান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পুলিশ, স্থানীয় রাজনীতিক ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিটি নেওয়া হয়েছিল। তবে ঘটনাস্থলে যাওয়ার আগে গোয়েন্দা সূত্রে মাদক কারবারিদের ছাদ থেকে গুলি চালানোর আশঙ্কার খবর পাওয়া যায় বলে তিনি দাবি করেন।
ইশরাকের ভাষ্য, কর্মসূচি চলাকালে একটি অস্থায়ী আস্তানার কাছে পৌঁছালে ৩০ থেকে ৩৫ জনের একটি দল হইচই করতে করতে মারমুখী ভঙ্গিতে তাঁদের গাড়িবহরের দিকে এগিয়ে আসে। এ সময় সম্ভাব্য হামলার আশঙ্কায় তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অস্ত্রটি যথাস্থানে রাখা হয় বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও দাবি করেন, ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত এবং সেটি প্রদর্শনের উদ্দেশ্য ছিল আত্মরক্ষা।
ঘটনার পর গেন্ডারিয়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয় বলে জানান ইশরাক হোসেন। তাঁর দাবি, পরবর্তী যৌথ অভিযানে চার থেকে পাঁচটি অবৈধ মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়। এসব স্থান থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, নগদ অর্থ ও ছিনতাই করা মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া ছয়জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বিবৃতিতে কয়েকটি গণমাধ্যমের সংবাদ পরিবেশনা নিয়েও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক ও দৈনিক কালবেলাসহ কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযানের প্রেক্ষাপট ও সাফল্য এড়িয়ে খণ্ডিত তথ্য ও ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলেন তিনি।
ইশরাক হোসেনের অভিযোগ, কিছু সংবাদমাধ্যম অভিযানের সাফল্য, পুলিশের ভূমিকা, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ছয়জনকে আটকের বিষয়গুলো উপেক্ষা করে অস্ত্র হাতে তাঁর উপস্থিতির কয়েক সেকেন্ডের দৃশ্যকে গুরুত্ব দিয়েছে। তাঁর মতে, এ ধরনের সংবাদ পরিবেশনা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী।
সমালোচনা সত্ত্বেও জনস্বার্থে গেন্ডারিয়াসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা