বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত
অনলাইন ডেস্ক
বিএনপির মুখে জুলাই সনদের কথা থাকলেও অন্তরে আওয়ামী লীগের রাজনীতি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও দলটি গণভোটের ফলাফল ও সনদের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো বাস্তবায়ন করছে না।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত জুলাই সনদের এক বছর উপলক্ষে মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি বারবার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সনদের ৬৯ নম্বর প্রস্তাবনায় কোনো দলের নোট অব ডিসেন্ট ছিল না। তাহলে সেটি বাস্তবায়নে বিএনপির সমস্যা কোথায়—এ প্রশ্ন তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্বজনদের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগও করেন হাসনাত। তাঁর দাবি, ওসি বা এসপি পদে নিয়োগ পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাদের ঘুষ দিতে হয়। সংকটের সময় এসব ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদের ৬২ নম্বর প্রস্তাবে তথ্য অধিকার আইন সংশোধনের বিষয়টি উল্লেখ করে হাসনাত বলেন, নাগরিকদের সরকারি তথ্যপ্রাপ্তি সহজ করতে অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি তথ্য অধিকার আদেশ জারি করেছিল। সরকারি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি গোপন করা ঠেকানো এবং এ বিষয়ে নিরীক্ষার ব্যবস্থা করাই ছিল এর উদ্দেশ্য। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই অধ্যাদেশ বাতিল করেছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেন, দলের মন্ত্রিসভা ও সংসদ সদস্যরা একই কথা বারবার বলছেন। তবে তাঁদের কাছে জানতে হবে, জুলাই সনদের কোন বিষয়টি তাঁরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন। ছেলের ঠিকাদারি, ছেলের নামে ইউনিয়ন করা এবং ভাইয়ের মাধ্যমে ক্যাপ্টেন আনা ছাড়া বিএনপি আর কী বাস্তবায়ন করেছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল নিয়েও বিএনপির সমালোচনা করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, বিএনপি নির্বাচনের ফলাফলের একাংশ মেনে নিলেও অন্য অংশ মেনে নেয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালের নির্বাচন, ২০১৮ সালের নির্বাচন এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বিএনপির বিরুদ্ধেও নির্বাচনের ফলাফল চুরির অভিযোগ করেন।
হাসনাতের দাবি, বিএনপি নিজেদের পক্ষে যাওয়া নির্বাচনী ফলাফল মেনে নিলেও গণভোটের ফলাফল গ্রহণ করেনি এবং সংবিধান সংস্কার পরিষদের শপথও নেয়নি। এতে জুলাই সনদ কার্যকারিতা হারিয়ে অলংকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও গত সাত মাসে ১৭ বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি।
চিফ হুইপের বক্তব্যের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, তাঁর ছেলেরা যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানে জন্মগতভাবে নাগরিকত্ব পেয়েছেন—এ কথা তিনি দম্ভ করে বলেছেন বলে অভিযোগ করেন হাসনাত। তাঁর দাবি, তাঁরা যুক্তরাষ্ট্রেই থাকবেন এবং দেশে নির্বাচনে অংশ নিতে আসবেন না।
রাজনীতিবিদদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, অনেক রাজনীতিবিদের কাছে বাংলাদেশ যেন ব্যবসার উপলক্ষ। তাঁরা স্বাস্থ্য সংস্কারের দায়িত্বে থাকলেও নিজেরা দেশে চিকিৎসা নেন না; শিক্ষা সংস্কারের দায়িত্বে থাকলেও তাঁদের সন্তানরা দেশে পড়াশোনা না করে যুক্তরাষ্ট্রে থাকে। জনগণের সেবা করার কথা বললেও এমন রাজনীতিবিদদের প্রতারক বলে সমালোচনা করেন তিনি।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা