ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা দেখানো হয়েছে, আমরা ফিরেও তাকাইনি: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভিন্নভাবে নানা লোভ-লালসা দেখানো হলেও তাঁরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “কথা দিচ্ছি, যে কেউ তার ইচ্ছা জাতির সঙ্গে প্রতারণা করুক, বিরোধী দল হিমালয় পর্বতের মতো অটল থেকে লক্ষ্যপানে এগিয়ে যাবে।”
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘জুলাই সনদের এক বছর’ উপলক্ষে মুক্ত আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির অভিযোগ করেন, আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। তিনি প্রশ্ন রাখেন, বিরোধী দল কি চুপচাপ বসে থাকবে? তাঁর দাবি, নানা ধরনের কারসাজি ও অনিয়মের পর জনগণ তাঁদের যে কয়টি আসন দিয়েছে, সেই আসনের ৮৯ জন সংসদ সদস্য সারাদেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করবেন।
শফিকুর রহমান বলেন, “আমরা কথা দিচ্ছি, বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব।”
তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা, ফ্যাসিবাদের পথ বন্ধ করা, বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য দেশ গড়াই তাঁদের আন্দোলনের লক্ষ্য।
আন্দোলনে কোনো চক্রান্তকে ভয় পাবেন না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, তাঁরা দেশকে ভালোবাসেন এবং তাঁদের কর্মসূচি জ্বালাও-পোড়াওভিত্তিক নয়। তাঁর ভাষ্য, ২০২৪ সালের আন্দোলনে তরুণেরা দেখিয়েছেন, জ্বালাও-পোড়াও ছাড়াও ঈমানি শক্তি ও দেশপ্রেম নিয়ে রাস্তায় দাঁড়ালে ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা