ব্রঙ্কসে গ্রেফতার করতে গিয়ে পুলিশের গুলিতে ৪৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
নিউইয়র্কের ব্রঙ্কসে একটি অ্যাপার্টমেন্টে গত বৃহস্পতিবার ভোরে এনওয়াইপিডি-এর ওয়ারেন্ট স্কোয়াডের গুলিতে ৪৪ বছর বয়সী লুসিয়েন কোলোন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কোলোন একজন নিবন্ধিত যৌন অপরাধী ছিলেন এবং নিয়মিত হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
ভোর পৌনে ৭টার দিকে মট হ্যাভেন এলাকার একটি অ্যাপার্টমেন্টে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এনওয়াইপিডি-এর ফিউজিটিভ এনফোর্সমেন্ট ইউনিটের কমান্ডিং অফিসার জন উইলসন এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ ঘরে ঢোকার পর কোলোনকে বিছানায় বসে থাকতে দেখে এবং তার হাতে একটি আগ্নেয়াস্ত্রের মতো বস্তু ছিল। পুলিশ তাকে বারবার অস্ত্রটি ফেলে দেওয়ার নির্দেশ দিলেও তিনি "আমার কাছে বন্দুক আছে" বলে চিৎকার করেন এবং আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। প্রায় দেড় মিনিট ধরে পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি নির্দেশ না মানায় এক কর্মকর্তা গুলি চালান, যা কোলোনের মুখে বিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে কোলোনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কোলোনের প্রেমিকা মারিভেল আলিসিয়া জানান, পুলিশ যখন দরজা ধাক্কা দেয় তখন কোলোনই তাকে দরজা খুলতে বলেছিলেন। তার দাবি, তিনি কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তাকে সরিয়ে দেয় এবং এরপরই তিনি বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান।
পুলিশ জানিয়েছে, নিহত কোলোন ২০১৩ সালের একটি খুনের মামলায় ২০২৩ সাল থেকে প্যারোলে ছিলেন। এছাড়া ১৯৯৭ সালের একটি ধর্ষণের মামলায় তিনি ‘লেভেল থ্রি’ পর্যায়ের যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে, তবে সেটি আসল বন্দুক নাকি ‘বিবি গান’, তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার অপেক্ষা করছে। এনওয়াইপিডি-এর ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন বর্তমানে পুরো ঘটনাটি তদন্ত করছে।
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স