নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ‘মধুর সম্পর্কে’ ছেদ পড়ছে। সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ভরাডুবির পর ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে দ্বিমত পোষণ করেছেন ভ্যান্স। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে বাড়াচ্ছেন দূরত্ব।বুধবার তিনি প্রকাশ্যেই ট্রাম্পের ইরান যুদ্ধের পক্ষে অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
প্রেসিডেন্টের প্রতি ভোটারদের স্পষ্ট প্রত্যাখ্যান থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন এই ভাইস প্রেসিডেন্ট।
আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়ার ইচ্ছা রয়েছে ভ্যান্সের। মধ্যবর্তী নির্বাচনের আগে জানিয়েছিলেন নির্বাচনের পর সিদ্ধান্ত জানাবেন তিনি। বুধবারসামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে তার কিছুটা নমুনাও দেখালেন ভ্যান্স। রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের জন্য ইরানের অজনপ্রিয় যুদ্ধকে দায়ী করেন তিনি।
ভ্যান্স লেখেন, আপনি যদি যুক্তি দিতে চান যে এই যুদ্ধটি সার্থক ছিল, আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও সার্থক ছিল, তাহলে সেই যুক্তি দিন।
কিন্তু এই যুদ্ধ সার্থক ছিল—এমন যুক্তিই নির্বাচনী প্রচারণার সময় বারবার দিয়েছেন ট্রাম্প। নির্বাচনের ফলাফল আসার সময় বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি একই কথা বলেছেন এবং বুধবার সকালেও আবার সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
হোয়াইট হাউসে নির্মাণাধীন তার বলরুম সাংবাদিকদের দেখাতে আকস্মিকভাবে তাদের নিয়ে যাওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের বিষয়টি আমাদের মোকাবিলা করতেই হয়েছে এবং আমরা এখনও তা চালিয়ে যাচ্ছি।
ট্রাম্প বলেন, বুধবার সকালে ভ্যান্সের সঙ্গে তার কথা হয়েছে। ভাইস প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সম্পর্কে জানতে চাইলে তিনি সেটিকে ‘ভালো’ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমি জানি এ বিষয়ে সে কী অনুভব করে এবং আমার মনে হয়, এটা ঠিকই ছিল।
প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধের প্রভাব পড়বে, তা তিনি জানতেন। তবে আবারও নিজের পদক্ষেপের পক্ষে যুক্তি দেন।
বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে সংযমের পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসা ভ্যান্স ট্রাম্প যুদ্ধ শুরু করার পর সংঘাতের পক্ষে জোরালো সমর্থন দেননি। এমনকি যুদ্ধ বন্ধে ব্যর্থ একটি প্রচেষ্টার মুখ্য ব্যক্তিও হয়ে উঠেছিলেন তিনি।
ভ্যান্সের সামনে ‘ডেমোক্র্যাট বিপদ’
ইরান যুদ্ধের জন্য ভ্যান্সকে দায়ী মনে করে ডেমোক্র্যাটরা। এজন্য তাকে জবাবদিহিতার আওতায় আনতে চায় তারা।ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির মুখপাত্র রোজমেরি বোয়েগলিন এক বিবৃতিতে বলেন, ভ্যান্স যদি শুরু থেকেই এমনটা অনুভব করে থাকেন, তাহলে তিনি কেন জোরালোভাবে মুখ খোলেননি? কেন তিনি পদত্যাগ করেননি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি কেন আমেরিকানদের পক্ষে দাঁড়াননি?
তিনি আরও বলেন, ভাইস প্রেসিডেন্ট সব সময়ই পরিস্থিতি অনুযায়ী নিজের জন্য সবচেয়ে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানটি বেছে নেবেন—এমনকি এর জন্য আমেরিকানদেরও বিপদের মুখে ঠেলে দিতে হলে। এই প্রশাসনের ব্যর্থতার দায় ভ্যান্সেরও।
মঙ্গলবার ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয়কক্ষে জয় তুলে নিয়েছে। দুই বছর আগে ট্রাম্প যেসব এলাকায় বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন, রিপাবলিকান-সমর্থিত সেসব এলাকাতেও ডেমোক্র্যাটরা রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করেছে।
পরাজয়ের কারণ স্পষ্ট
নিজের পোস্টে ভ্যান্স বলেন, যুদ্ধ, জীবনযাত্রার ব্যয়, আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার না দেয়া এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক—এসব কারণে রিপাবলিকান ভোটাররা ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন। ইসরায়েল ইস্যুতেও ট্রাম্পের সঙ্গে তার অবস্থানের কিছু পার্থক্য রয়েছে।
তিনি লেখেন, আমাদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট।
ট্রাম্পের বিপরীতে ভ্যান্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পুনর্নির্বাচনের জন্য সমর্থন জানাননি। এমনকি চলতি বছরের গ্রীষ্মে ইসরায়েল সরকারের কয়েকজন সদস্যের সমালোচনাও করেছিলেন তিনি। ওই সদস্যরা ইরান যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের প্রচেষ্টার বিরোধিতা করেছিলেন।
প্রশাসনের অভিবাসন নীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত ভ্যান্স অভিবাসনবিরোধী কঠোর অভিযান থেকেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন বলে মনে হয়েছে। এই অভিযান নিয়ে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।
তিনি লেখেন, আমি অভিবাসন আইন প্রয়োগের পদ্ধতিতে পরিবর্তন আনার ধারণার প্রতি আগ্রহী। উদাহরণস্বরূপ, অবৈধ শ্রমিক নিয়োগকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে।
তবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের সাধারণ ক্ষমা দেয়ার প্রস্তাব দিতে পারেন—এমন রাজনীতিকদের তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানান।
ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভোটার জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এক লাখেরও বেশি ভোটারের মধ্যে প্রায় ১০ জনের ৬ জন মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের জন্য ‘ভুল’ ছিল।
ইরান যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট এসব ভোটারের অধিকাংশই প্রতিনিধি পরিষদের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করেছেন। তবে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে, অধিকাংশ ভোটারের কাছে ইরান যুদ্ধ নির্বাচনের প্রধান ইস্যু ছিল না।
মাত্র প্রায় এক-তৃতীয়াংশ ভোটার বলেছেন, কংগ্রেস নির্বাচনে তাদের ভোট দেয়ার ক্ষেত্রে ইরান যুদ্ধ ছিল ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বিষয়। জীবনযাত্রার ব্যয় ও সরকারি দুর্নীতির বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলেছেন প্রায় অর্ধেক ভোটার।
প্রতিনিধি পরিষদের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করা প্রায় সব ভোটারই বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো ছিল ‘ভুল সিদ্ধান্ত’। অন্যদিকে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করা প্রায় ১০ জনের ৮ জন বলেছেন, এটি ছিল ‘সঠিক সিদ্ধান্ত’।
ইরাক যুদ্ধে অংশ নেয়া সাবেক মেরিন সেনা ভ্যান্স ওই যুদ্ধের সমালোচনা করেছিলেন। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বলেছিলেন, ট্রাম্প প্রশাসন অতীতের মতো ‘অনির্দিষ্টকালের সংঘাতে’ মার্কিন সেনা পাঠাবে না।
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের