মেয়র মামদানির বাড়ির সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ, বিস্ফোরক নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে একটি ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গত শনিবার মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে। পরদিন রোববার পুলিশ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
ঘটনার দিন অধিকারকর্মী জেক ল্যাংয়ের নেতৃত্বে একদল কট্টর ডানপন্থী ও মুসলিমবিদ্বেষী বিক্ষোভকারী সেখানে জড়ো হয়। এ সময় পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে বিক্ষোভকারীর নিক্ষেপ করা বস্তুটি ভুয়া বা ধোঁয়া তৈরির বোমা ছিল না; এটি ছিল হাতে তৈরি একটি আইইডি, যা মারাত্মক জখম বা মৃত্যুর কারণ হতে পারত।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিস্ফোরকটির পাশাপাশি ঘটনাস্থলের কাছ থেকে পাওয়া একই ধরনের আরেকটি বস্তু পরীক্ষা করা হচ্ছে।
পুলিশ জানায়, এমির বালাত ও ইব্রাহিম কায়ুমি নামের দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তদন্তে যুক্ত হয়েছে এফবিআইও।
পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরকটিতে নাট-বল্টু ও স্ক্রু ভরা ছিল এবং এতে দেশি সলতে ব্যবহার করা হয়েছিল। পালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি রাস্তায় আরও একটি বিস্ফোরক ফেলে যান বলেও জানানো হয়েছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে মেয়র জোহরান মামদানি বলেন, বিক্ষোভে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। বিস্ফোরক ব্যবহার করে কাউকে আঘাত করার চেষ্টা শুধু অপরাধই নয়, এটি অত্যন্ত নিন্দনীয়।
উল্লেখ্য, জেক ল্যাং একজন কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করেন। নিউইয়র্ক নগরের কথিত ‘ইসলামিকরণ’-এর বিরোধিতা করে তিনি এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স