অবশেষে মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস
টাইম টিভি ডেস্ক
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস অবশেষে পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন। ক্রমবর্ধমান চাপের মুখে এবং প্রগতিশীল নেতা জোহরান মামদানির জয়ের সম্ভাবনা ঠেকাতে রাজনৈতিক মহলের জোরাজুরির মধ্যে রোববার তিনি প্রচারণা স্থগিত করার ঘোষণা দেন।
অ্যাডামস ভিডিও বার্তায় বলেন, “তোমাদের মেয়র হতে পেরে আমি গর্বিত। অপরাধ কমানো, আবাসন তৈরি করা, অভিবাসন সংকট মোকাবিলা—আমরা অনেক কিছুই করেছি। যারা পরের নেতৃত্ব নেবেন, আশা করি তারা এই কাজগুলো চালিয়ে যাবেন।” তবে তিনি কোনো প্রার্থীকে সমর্থন জানাননি, বরং মামদানি ও অ্যান্ড্রু কুমোকে ঘুরপথে সমালোচনা করে সতর্ক করেন যে শহরের নেতৃত্বকে “চরমপন্থী এজেন্ডা”র হাতিয়ার বানানো উচিত নয়।
অ্যাডামস স্পষ্ট করে বলেন, যদিও এটাই তার প্রচারণার সমাপ্তি, তবে জনসেবার সমাপ্তি নয়। “আমি নিউইয়র্কার, তাই শহরের জন্য লড়াই চালিয়ে যাব,” তিনি যোগ করেন।
৬৫ বছর বয়সী এই মেয়র স্বাধীন প্রার্থী হিসেবে চতুর্থ স্থানে ছিলেন। জরিপে মামদানি এগিয়ে, তার পরেই কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া। সমর্থন কমে আসায় এবং অর্থায়ন সঙ্কটে তার প্রচারণা ধীরে ধীরে ভেঙে পড়ছিল।
অ্যাডামসের রাজনৈতিক যাত্রা সবসময়ই বিতর্কে ঘেরা ছিল। ২০২২ সালে তিনি মেয়র হন অপরাধ দমনের অঙ্গীকার নিয়ে। তার আমলে অপরাধের হার ঐতিহাসিকভাবে কমে আসে, অবৈধ অস্ত্র উদ্ধার হয় ২৩ হাজারের বেশি, এবং অভিবাসন সংকট সামলাতে ফেডারেল সরকারের সঙ্গে সমন্বয় করে কিছুটা সফলতাও দেখান। তার প্রশাসনের নীতিতে চার লাখের বেশি সাশ্রয়ী আবাসন রক্ষা পেয়েছে, আবার এক মিলিয়ন নতুন ঘর তৈরির পথও খুলে দেওয়া হয়।
কিন্তু অর্জনের চেয়ে বেশি আলোচিত হয়েছে কেলেঙ্কারি। গত বছর তিনি ঘুষ ও জালিয়াতির পাঁচটি অভিযোগে অভিযুক্ত হন—যদিও অভিযোগ পরে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে খারিজ হয়। তবু তুরস্কের এক কূটনীতিকের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ তার ভাবমূর্তিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে।

তার ঘনিষ্ঠ সহযোগীরাও একের পর এক দুর্নীতির মামলায় জড়ান। দীর্ঘদিনের উপদেষ্টা ইংগ্রিড লুইস-মার্টিনকে একাধিক ঘুষ মামলায় অভিযুক্ত করা হয়েছে। আরেক সহযোগী উইনি গ্রেকো এক সাংবাদিককে নগদ টাকায় ভরা চিপসের ব্যাগ তুলে দিয়ে আলোড়ন সৃষ্টি করেন।
অ্যাডামস অভিযোগ অস্বীকার করে এসবকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ বলে দাবি করেছেন। কিন্তু একের পর এক বিতর্ক তার ভাবমূর্তিকে ম্লান করেছে। তিনি প্রায়ই বলতেন, “চাকরি বেড়েছে, অপরাধ কমেছে।” কিন্তু ভোটাররা তাতে আস্থা ফেরাতে পারেননি।
এখন তার নাম থাকছে নভেম্বরের ব্যালটে, যদিও কার্যত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন। এতে তার মেয়াদকাল শেষ হবে প্রথম মেয়াদেই—অভিযুক্তি, বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েনের ঝড় সামলিয়ে।
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স