ব্রঙ্কসে ডেলির সামনে বন্দুকধারীকে পুলিশের গুলি
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি ডেলির সামনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের গুলিতে আহত হয়েছেন ৪৯ বছর বয়সী এক ব্যক্তি। সোমবার বিকেলে ফোর্ডহাম এলাকার ১৯৪তম স্ট্রিট ও বেইনব্রিজ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, বিকেল প্রায় ৩টা ২০ মিনিটে স্যামি ডেলির সামনে ভিক্টর সোতো নামের ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দিয়ে দোকানের কাচে আঘাত করতে দেখেন পুলিশ সদস্যরা। তাঁরা গাড়ি থেকে নেমে তাঁকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন। তবে নির্দেশ অমান্য করে তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে বন্দুক তাক করেন বলে দাবি পুলিশের।
এরপর দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, কর্মকর্তারা পৌঁছানোর আগে সোতো ডেলির কর্মচারী ও ক্রেতাদের হুমকি দিয়েছিলেন এবং তাঁদের দিকে বন্দুক তাক করেছিলেন। এ সময় দোকানের ভেতরে থাকা লোকজন নিরাপদ আশ্রয় নেন।
এনওয়াইপিডির সহকারী প্রধান আনিউডি কাস্তিয়ো জানান, ঘটনার ভিডিও পুলিশের বডি ক্যামেরা এবং ডেলির ভেতরে ও বাইরের নজরদারি ক্যামেরায় ধারণ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সোতোর বিরুদ্ধে আগে আটবার গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। এর মধ্যে হামলা ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও রয়েছে।
গুলিতে আহত সোতোকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। তবে ঘটনার সূত্রপাত কীভাবে, তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
টাইম ডেস্ক/এসএ
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স