ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে বিরোধী জোটও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। ফলে নতুন সরকার গঠনের আলোচনা চলাকালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন নেতানিয়াহু। পরিস্থিতি অনুযায়ী, আগামী বছর নতুন নির্বাচন না হওয়া পর্যন্তও তিনি এ দায়িত্বে থাকতে পারেন।
বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ ভোট গণনার পর ইসরায়েলের প্রধান তিনটি সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে বলা হয়েছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেতে পারে। এ জোটে রয়েছে ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি-রক্ষণশীল ইহুদি দলগুলো।
অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন। তবে আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব দলের সমর্থন ছাড়া আইজেনকটের পক্ষে সরকার গঠন করা কঠিন হবে। যদিও ইসরায়েলের অনেক ইহুদি রাজনৈতিক নেতা আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনে অনাগ্রহী।
আইজেনকট নিরাপত্তা সংস্থার প্রধান ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নেতানিয়াহু একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। তাঁর নতুন জনসমর্থন বা ম্যান্ডেট নেই। নেতানিয়াহু তাঁদের চ্যালেঞ্জ করার চেষ্টা করলে দৃঢ় থাকার আহ্বান জানান তিনি।
ভোট গণনা শেষ না হওয়ায় ফলাফলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে জনমত জরিপে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও মধ্যবাম থেকে কট্টর ডানপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত আইজেনকটের ‘চেঞ্জ ব্লক’ প্রত্যাশিত আসন পায়নি।
ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি বলেন, অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিয়মিত সরকারের মতোই ক্ষমতা ভোগ করে। তবে কিছু ক্ষেত্রে তাদের সংযম বজায় রাখার বাধ্যবাধকতা থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার পরিধি সীমিত হতে পারে। বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকার থাকলেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের থাকবে।
ইসরায়েলে এবার ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের মধ্যেও ভোট দেওয়ার হার ছিল উল্লেখযোগ্য। দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি এই জনগোষ্ঠীর মানুষ।
এর আগে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে গঠিত একটি জোট ছোট একটি আরব দলের সমর্থন পেয়েছিল। এবার বিরোধী জোট প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় সরকার গঠনে জয়েন্ট লিস্টের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে দেশটির অধিকাংশ ইহুদি নেতা আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠন এড়িয়ে চলেছেন।
বুথফেরত জরিপের ফল প্রকাশের পর জয়েন্ট লিস্টের সদর দপ্তরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলটির প্রার্থী ফাতেন গাত্তাস বলেন, ‘আমরা দখলদারত্ব ও বর্ণবাদ প্রত্যাখ্যান করি। আমরা এখানেই থাকব।’
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর
রোহিঙ্গা গণহত্যা / আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা
‘নিজেকে বোকা মনে হচ্ছে’: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪৪৬ মিলিয়ন ডলার খরচ করে আফসোস মাস্কের
চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প