টি-ভিসাধারীদের গ্রিন কার্ডে প্রাপ্তিতে দ্রুত আবেদনের উদ্যোগ
টাইম টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রে মানবপাচারের শিকার ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ডিপার্টমেন্ট অব জাস্টিস । নতুন এই প্রস্তাব কার্যকর হলে টি-ভিসাধারীদের গ্রিন কার্ডের জন্য আগেভাগে আবেদন করার প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং নির্দিষ্ট নিয়মের আওতায় আসতে পারে। বিশেষ করে যেসব টি-ভিসাধারী বর্তমানে তদন্ত বা বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার সরকারি প্রত্যয়নপত্র বা সার্টিফিকেশন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবেনা। দ্রুত পেতে পারেন সার্টিফেকেশন। যদিও এই প্রস্তাব গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতার নিয়ম পরিবর্তন করছে না।
তবে আবেদন প্রক্রিয়াকে আরও মানসম্মত ও প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে হাজারো আবেদনকারীর জন্য প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
নিউজ উইক তাদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ফেডারেল রেজিস্টারে (Federal Register) প্রকাশিত প্রস্তাবে বলা হয়েছে, বিচার বিভাগের হিউম্যান রাইটস এন্ড স্পেশাল প্রসিকিউশন শাখা একটি আনুষ্ঠানিক আবেদন ব্যবস্থা চালু করতে চায়, যার মাধ্যমে টি-ভিসাধারীরা জানতে পারবেন তাদের মানবপাচার-সংক্রান্ত তদন্ত বা বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে কি না। একই সঙ্গে তারা সেই বিষয়ে একটি সরকারি প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে পারবেন।
বর্তমানে এই প্রত্যয়নপত্র পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ও অভিন্ন আবেদন পদ্ধতি নেই। বিভিন্ন অফিস ও সংস্থার নিজস্ব অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে এসব অনুরোধ নিষ্পত্তি করা হয়, ফলে কোথাও দ্রুত আবার কোথাও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন প্রস্তাব সেই বৈষম্য দূর করে একটি একীভূত ও স্বচ্ছ পদ্ধতি চালুর লক্ষ্য নিয়েছে। বিচার বিভাগ জানিয়েছে, একটি বিশেষ কাস্টম ডেটাবেজের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা হবে। এতে আবেদন যাচাইয়ের নির্ভুলতা বাড়বে, প্রসেসিং সময় কমবে এবং আবেদনকারীদের জন্য অনলাইনে আবেদন জমা দেওয়া আরও সহজ হবে। বিভাগের ভাষ্য, মানবপাচারের শিকার ব্যক্তিদের জন্য এই প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
টি-ভিসা কী?
টি-ভিসা (T Nonimmigrant Visa) হলো যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিবাসন সুবিধা, যা মানবপাচারের শিকার বিদেশি নাগরিকদের সুরক্ষা দিতে দেওয়া হয়। এই ভিসার মাধ্যমে একজন যোগ্য আবেদনকারী সর্বোচ্চ চার বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান ও কাজ করার সুযোগ পান।
বর্তমান আইনে টি-ভিসাধারীদের সাধারণত তিন বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর গ্রিন কার্ড বা বৈধ স্থায়ী বাসিন্দার (Lawful Permanent Resident) মর্যাদার জন্য আবেদন করতে হয়।
তবে আইনে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। যদি অ্যাটর্নি জেনারেল বা তাঁর মনোনীত কর্মকর্তা প্রত্যয়ন দেন যে সংশ্লিষ্ট মানবপাচার মামলার তদন্ত বা বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাহলে ওই ব্যক্তি তিন বছর পূর্ণ হওয়ার আগেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন।
এই প্রত্যয়নপত্রই মূলত নতুন প্রস্তাবের কেন্দ্রবিন্দু।
কারা টি-ভিসার জন্য যোগ্য?
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (USCIS)-এর নির্দেশনা অনুযায়ী, টি-ভিসা পেতে আবেদনকারীকে সাধারণভাবে কয়েকটি শর্ত পূরণ করতে হয়।
এর মধ্যে রয়েছে বলপ্রয়োগ, প্রতারণা বা জোরপূর্বক মানবপাচারের শিকার হওয়া; সেই মানবপাচারের ফলেই যুক্তরাষ্ট্রে বা প্রবেশ বন্দরে উপস্থিত থাকা; নিজ দেশে ফেরত পাঠানো হলে গুরুতর ক্ষতির আশঙ্কা প্রমাণ করতে পারা; যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আইনগতভাবে গ্রহণযোগ্য হওয়া অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে ওয়েভার পাওয়ার যোগ্য হওয়া এবং মানবপাচার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর যৌক্তিক অনুরোধে সহযোগিতা করা।
তবে অপ্রাপ্তবয়স্ক এবং গুরুতর মানসিক আঘাতপ্রাপ্ত কিছু ভুক্তভোগীকে আইন অনুযায়ী তদন্তে সহযোগিতার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি