মাদুরো দম্পতিকে আটক, নরিয়েগা–সাদ্দাম প্রসঙ্গ টানছে বিশ্ব
মাদুরোর পরিণতি কী সাদ্দাম-নরিয়েগার মতো হবে?
আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র—এমন খবরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, সরকার এখনো মাদুরো ও তাঁর স্ত্রীর অবস্থান সম্পর্কে নিশ্চিত নয়। তিনি বলেন, সরকার যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ চাইছে—মাদুরো ও সিলিয়া ফ্লোরেস জীবিত আছেন কি না।
মার্কিন বাহিনী ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে একাধিক ভয়াবহ হামলার পর এই গ্রেপ্তার অভিযান চালায়। ওয়াশিংটনের দাবি, মাদুরো আন্তর্জাতিক মাদক চোরাচালান নেটওয়ার্ককে সহযোগিতা করছেন—যা ভেনেজুয়েলা সরকার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
নরিয়েগা ও সাদ্দামের পুনরাবৃত্তি?
মাদুরোর গ্রেপ্তারের ঘটনা অনেকের কাছে যুক্তরাষ্ট্রের আগের সামরিক হস্তক্ষেপগুলোর স্মৃতি ফিরিয়ে এনেছে—বিশেষ করে পানামার সাবেক নেতা ম্যানুয়েল নরিয়েগা এবং ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের গ্রেপ্তার ও পতনের ঘটনা।
ম্যানুয়েল নরিয়েগা: পানামা আক্রমণ (১৯৮৯)
১৯৮৯ সালে লাতিন আমেরিকায় সরাসরি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র পানামা আক্রমণ করে এবং দেশটির কার্যত নেতা ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করে। মার্কিন নাগরিকদের নিরাপত্তা, গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতি এবং মাদক পাচারের অভিযোগ তুলে এই অভিযান চালানো হয়।
এর এক বছর আগে, ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্র নরিয়েগার বিরুদ্ধে মায়ামিতে মাদক পাচারের অভিযোগ আনে—যা অনেকটা মাদুরোর বিরুদ্ধে আনা বর্তমান অভিযোগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
নরিয়েগাকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হয় এবং ২০১০ সাল পর্যন্ত কারাবন্দী রাখা হয়। পরে তাঁকে ফ্রান্সে প্রত্যর্পণ এবং শেষে পানামায় ফেরত পাঠানো হয়। ২০১৭ সালে পানামার কারাগারেই তাঁর মৃত্যু হয়।
সাদ্দাম হোসেন: গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত
২০০৩ সালে বাগদাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণ করা হয়। তবে পরে সেই দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। যুদ্ধ শুরুর ৯ মাস পর, ১৩ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে তিকরিতের কাছে একটি গর্ত থেকে আটক করা হয়।
এর আগে ১৯৮০-এর দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় সাদ্দাম ছিলেন ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র। পরে তাঁকে ইরাকি আদালতে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
হন্ডুরাসের হার্নান্দেজ: ‘ভণ্ডামিপূর্ণ নীতি’র অভিযোগ
বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযানে দ্বৈত নীতির ছাপ রয়েছে। এর উদাহরণ হিসেবে তুলে ধরা হয় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ঘটনাটি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার কিছুদিন পরই তাঁকে মার্কিন ও হন্ডুরাস বাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়। দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১ ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ক্ষমা করে দেন।
অনিশ্চিত ভেনেজুয়েলা
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব এবং শক্তির রাজনীতি—সবকিছু মিলিয়ে এই ঘটনা বিশ্বব্যাপী নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি