যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ২.৫ ট্রিলিয়ন ডলার উধাও
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর দেশটির শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। বিশেষ করে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বিক্রির চাপ বাড়ায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) বড় ধাক্কা খেয়েছে নাসডাক সূচক। ২০২৫ সালের এপ্রিলে ‘লিবারেশন ডে’র পর এক দিনে এটিই সূচকটির সবচেয়ে বড় পতন।
এদিন নাসডাক কম্পোজিট সূচক কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। আর নাসডাক-১০০ সূচকের বাজারমূল্য থেকে এক দিনেই কমেছে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার। বিনিয়োগকারীদের আশঙ্কা, নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের ফলে ডেটা সেন্টার নির্মাণে নতুন বিধিনিষেধ আসতে পারে, যা এআই খাতের সম্প্রসারণ ও বিনিয়োগে বাধা সৃষ্টি করবে।
চিপ নির্মাতা ও ডেটা সেন্টার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারে সবচেয়ে বেশি দরপতন হয়েছে। ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক কমেছে ১২ শতাংশ। এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ৯ শতাংশ এবং এএমডির দরপতন হয়েছে ১৭ শতাংশ। বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ও অ্যালফাবেটের শেয়ারও ২ দশমিক ২ শতাংশ করে কমেছে।
গত ৬ অক্টোবর রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর নাসডাক কম্পোজিট সূচক প্রায় ১২ শতাংশ কমেছে। ফলে সূচকটি এখন কারেকশন বা সংশোধনের পর্যায়ে রয়েছে। একই সঙ্গে বাজারের সম্ভাব্য অস্থিরতা পরিমাপের ভিআইএক্স সূচকও ২০২৪ সালের ডিসেম্বরের পর এক দিনে সবচেয়ে বেশি বেড়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ডেটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে। এসব স্থাপনার কারণে বিদ্যুৎ ও পানির চাহিদা বাড়ায় স্থানীয় অবকাঠামোর ওপর চাপ তৈরি হচ্ছে। ফলে নতুন প্রকল্পের অনুমোদন ও নির্মাণকাজ বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইউবিএসের বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারের যে নতুন সক্ষমতা যুক্ত হওয়ার কথা, তার প্রায় ৩০ শতাংশ নির্মাণকাজ স্থগিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
শেয়ারবাজারের এই পতনের প্রভাব এশিয়ার বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে জাপানের নিক্কেই ও দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচকে ডেটা সেন্টার খাতের শেয়ারে আগের দিনই বড় দরপতন দেখা গেছে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি