মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো তুরস্কের পার্লামেন্ট
অনলাইন ডেস্ক
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে বাকি দুই দেশ আক্রান্ত দেশকে সামরিক সহায়তা দেবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তুরস্কের পার্লামেন্টে ২৭৯ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। বিপক্ষে ভোট দেন ১১৯ জন। মোট ৫৯২ সদস্যের পার্লামেন্টে ভোটে অংশ নেন ৩৯৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত আগস্টে মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। পরে অনুমোদনের জন্য গত মাসে এটি তুরস্কের পার্লামেন্টে পাঠানো হয়।
চুক্তিতে মোট ১৬টি অনুচ্ছেদ রয়েছে। এর প্রথম অনুচ্ছেদে সদস্যদেশগুলোর ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় অনুচ্ছেদে কোনো সদস্যদেশ সশস্ত্র হামলা বা সামরিক আগ্রাসনের শিকার হলে অন্য দেশগুলোকে দ্রুত পারস্পরিক সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
চুক্তির এই বিধান ন্যাটোর আর্টিকেল ফাইভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ন্যাটোর এই ধারায় জোটের কোনো একটি সদস্যের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। তবে তুরস্ক একই সঙ্গে ন্যাটো ও মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্য হওয়ায় সামরিক স্বার্থের সংঘাত তৈরি হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। তুর্কি কর্মকর্তারা অবশ্য এমন উদ্বেগ নাকচ করেছেন।
এদিকে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চুক্তিটি অনুমোদন পেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, কাতারের মধ্যস্থতায় পারমাণবিক বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে তেহরান বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটন প্রস্তাবটি পর্যালোচনা করছে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি