ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, জানা যাবে রোববার
আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় বিরোধী নেতা গাদি আইজেনকোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৬৭ জন আইনপ্রণেতা। ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি।
নতুন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে যাওয়া দলগুলোর সঙ্গে সপ্তাহব্যাপী আলোচনা শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জানান, আগামী রোববার (৮ নভেম্বর) সরকার গঠনের দায়িত্ব কোনো একজন প্রার্থীর হাতে তুলে দেবেন তিনি।
বৃহস্পতিবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আরব নেতৃত্বাধীন দুই দল রা’আম ও জয়েন্ট লিস্ট আইজেনকোটের প্রতি সমর্থন জানায়। তবে এই সমর্থনের অর্থ এই নয় যে, দল দুটি শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বাধীন সরকারে যোগ দেবে।
বিরোধী জোটের ৪৮ জন আইনপ্রণেতার পাশাপাশি আরব দল দুটির ১৯ জনের সমর্থন মিলিয়ে আইজেনকোটের পক্ষে রয়েছেন মোট ৬৭ জন। তাঁর প্রতি সমর্থন জানিয়েছে ইয়াশার, বি’ইয়াচাদ, ডেমোক্র্যাটস ও ইসরাইল বেইতেনু পার্টি।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরাইলের ১২০ আসনের নেসেটে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, বিরোধী জোট ৪৮টি এবং আরব দল দুটি সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন।
অন্যদিকে নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে তাঁর নেতৃত্বাধীন জোটের দলগুলো। এর মধ্যে রয়েছে লিকুদ, ওতজমা ইয়েহুদিত, রিলিজিয়াস জায়নিস্ট পার্টি, জেহুত ও শাস পার্টি।
প্রেসিডেন্ট হারজোগ জানিয়েছেন, ইসরাইলের জনগণের জন্য একটি ভালো ও স্থিতিশীল সরকার গঠনে তিনি সব ধরনের চেষ্টা চালাবেন। এ লক্ষ্যে সপ্তাহান্তে কয়েকটি দলের প্রধানের সঙ্গে ব্যক্তিগত বৈঠকও করার পরিকল্পনা রয়েছে তাঁর।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি