ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
রাজনৈতিক বিতর্ক ও অভিশংসন প্রক্রিয়ার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট উয়েনো ব্যাংক দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় যাওয়ার পর দেশটিতে এ সংকট তৈরি হয়।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় পেনা বলেন, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার স্বার্থেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা থাকলে জনগণের কাছে ক্ষমাও চান তিনি।
উয়েনো ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট একটি কোম্পানিতে গত বছর পর্যন্ত অংশীদার ছিলেন পেনা। এ কারণে আইনপ্রণেতারা তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও অসদাচরণের অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগের ঘোষণার আগে পার্লামেন্টের নিম্নকক্ষে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট পড়ে।
ব্যাংকটির গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ, যা প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। সরকারের বিভিন্ন তহবিল ও পেনশনের অর্থও সেখানে জমা ছিল। ব্যাংকটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ গ্রাহক নিজেদের হিসাব থেকে অর্থ তুলতে পারছেন না।
৪৭ বছর বয়সী সান্তিয়াগো পেনা ২০২৩ সালের আগস্টে প্যারাগুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি