ওয়াশিংটনে বিশৃঙ্খলা-দুর্নীতির চেয়ে জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে: ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়ে বিল ক্লিনটন
অনলাইন ডেস্ক
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে পরিবারগুলোকে সহায়তা এবং তাদের স্বাস্থ্যসেবা সুরক্ষিত রাখাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেছেন, ওয়াশিংটন থেকে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা ও দুর্নীতির চেয়ে জনগণের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে হবে।
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর দলটির নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন ক্লিনটন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য গতকাল ছিল একটি দারুণ দিন। তবে এই অর্জন ধরে রাখতে এখন থেকেই কাজ শুরু করতে হবে।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচন নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেন সাবেক এই প্রেসিডেন্ট।
বিবৃতিতে ক্লিনটন বলেন, দেশজুড়ে নির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের বিজয় নিশ্চিত করতে যারা পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ জানাতে চান তিনি। তার মতে, নির্বাচিত প্রার্থীরা আমেরিকার বৈচিত্র্য ও ডেমোক্র্যাটিক পার্টির শক্তির প্রতিফলন।
ক্লিনটন বলেন, মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন—ওয়াশিংটনের বিশৃঙ্খলা ও দুর্নীতির চেয়ে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। এর অর্থ হলো, জীবনযাত্রার বাড়তি ব্যয় মোকাবিলায় পরিবারগুলোকে সহায়তা করা, স্বাস্থ্যসেবা সুরক্ষিত রাখা, অযৌক্তিক যুদ্ধ বন্ধ করা এবং পণ্যের দাম বাড়িয়ে দেয় এমন শুল্কের অবসান ঘটানো। পাশাপাশি জাতীয় ঋণ নিয়ন্ত্রণ ও ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত করার কথাও বলেন তিনি।
নির্বাচনের এই বিজয়কে জনগণের আস্থা পুনর্গঠনের সুযোগ ও দায়িত্ব হিসেবে উল্লেখ করেন সাবেক প্রেসিডেন্ট। তিনি বলেন, এ দায়িত্ব বিনয় ও দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। যারা ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেননি, তাদের প্রতিও খোলা মন নিয়ে এগিয়ে যেতে হবে।
বিবৃতির শেষাংশে ক্লিনটন বলেন, একসঙ্গে কাজ করলে আরও ভালো করা সম্ভব—এ বিশ্বাস তিনি সব সময় ধারণ করেছেন। আমেরিকার জনগণ সেই বিশ্বাস প্রমাণের আরেকটি সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি