নির্বাচনে ট্রাম্প ধাক্কা খাওয়ায় উচ্ছ্বসিত ইরানিরা
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়কে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তাদের দাবি, নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের ইরান যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে তেহরান।
ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপে—আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে। ইরান এই বার্তাকে সমর্থন করে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নতুন করে ইরানে হামলা চালিয়ে ওয়াশিংটনের উচিত হবে না মার্কিন জনমতকে উপেক্ষা করা।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, দেশটির শত্রুতা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের কাছে সামান্যতম নতি স্বীকার না করার বিষয়েও সতর্ক করেন তিনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্যের অবসানকে এখনো দূরের বিষয় মনে করলেও ইরানের কাছে তা আসন্ন।
মঙ্গলবারের নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। ইরানের কর্মকর্তারা এই ফলাফলকে ট্রাম্পের অর্থনীতি পরিচালনা এবং ইরান যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন।
নির্বাচনের পর নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়িয়েছেন। মঙ্গলবার ট্রাম্প সামরিক অভিযান আবার শুরু করার সম্ভাবনা নাকচ করেননি। অন্যদিকে, যুদ্ধ নতুন করে শুরু হলে আরও বড় ধরনের পাল্টা হামলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরান।
নির্বাচনের আগে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছিলেন, ট্রাম্পকে রাজনৈতিকভাবে দুর্বল করতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে তেহরান।
তবে ট্রাম্প নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাবের কথা স্বীকার করলেও ফক্স নিউজকে বলেছেন, ভোটাররা ইরান নিয়ে তার পদক্ষেপের গুরুত্বও বুঝেছেন। এদিকে মোজতবা খামেনির বক্তব্যে ইঙ্গিত মিলেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নয় তেহরান।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি