নির্বাচনে বড় ধাক্কা খেলেন মাস্ক, অনিশ্চিত একাধিক মেগা পরিকল্পনা
অনলাইন ডেস্ক
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর বড় ধাক্কার মুখে পড়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও রিপাবলিকানদের অন্যতম বড় অর্থদাতা ইলন মাস্ক। নির্বাচনে পছন্দের প্রার্থীদের পেছনে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল পাননি তিনি। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন প্রার্থীর প্রচারণায় মাস্ক প্রায় ৪৪ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করেছিলেন। এর মধ্যে টেক্সাসের প্রচারণায় ছিল ২০ কোটি ডলারের বেশি। তবে তার সমর্থিত প্রার্থীদের অধিকাংশই পরাজিত হয়েছেন। তাদের মধ্যে টেক্সাসের সিনেট নির্বাচনে কেন প্যাক্সটন এবং ওহাইওর গভর্নর নির্বাচনে বিবেক রামাস্বামীও রয়েছেন।
টেক্সাসের গভর্নর নির্বাচনে বর্তমান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোহোসার জয় মাস্কের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে রাজ্যজুড়ে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত কয়েক বছরে টেক্সাস ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। এ ক্ষেত্রে গভর্নর গ্রেগ অ্যাবট প্রযুক্তি খাতের নেতাদের গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন।
নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘মহাকাশে ডেটা সেন্টার স্থাপনকে এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’ পরে নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে রসিকতা করে তিনি লেখেন, ‘মনে হচ্ছে আমার নির্বাচন-হস্তক্ষেপকারী স্পেস লেজারগুলো এবার কাজ করেনি।’
তদন্তভিত্তিক সংবাদমাধ্যম হান্টারব্রুক মিডিয়ার প্রকাশক স্যাম কোপেলম্যানের মতে, দেশজুড়ে ডেটা সেন্টারবিরোধী প্রতিক্রিয়ার মধ্যে টেক্সাসকে এআই অবকাঠামো নির্মাণের নিরাপদ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো। তবে এবারের নির্বাচন সেই পরিস্থিতি বদলে দিয়েছে।
এদিকে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ায় প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ জোরালো হতে পারে। কয়েকজন ডেমোক্র্যাট নেতা প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের কংগ্রেসে হাজির করার দাবি জানিয়েছেন। টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ কাসার বলেন, ভোটাররা রিপাবলিকানদের প্রত্যাখ্যান করেছেন, কারণ তাদের একটি অংশ এআই বিলিয়নিয়ারদের অর্থে প্রভাবিত হয়েছিল। তার মতে, ডেমোক্র্যাটদের উচিত প্রযুক্তি উদ্যোক্তাদের কাছ থেকে অনুদান নেওয়ার পরিবর্তে তাদের জবাবদিহির আওতায় আনা।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি