নিউইয়র্ক স্টেট সিনেটে জিতে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
আন্তর্জাতিক ডেস্ক
নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবের কাওয়াস। ৯০ শতাংশ ভোট গণনার পর তাঁর জয় নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। গণনা হওয়া ভোটের ৭৫ শতাংশ পেয়েছেন তিনি।
এই জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন কাওয়াস। তিনিই প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী, যিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় দায়িত্ব পালন করতে যাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত ফিলিস্তিনি-আমেরিকান প্রতিনিধিদের তালিকায় যুক্ত হলো তাঁর নাম।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় কাওয়াস লেখেন, ‘আমরা ইতিহাস গড়েছি।’
নির্বাচনী প্রচারে তাঁর মূল স্লোগান ছিল—‘মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’। এর মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা, উন্নত গণপরিবহন এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসীদের অধিকার রক্ষা এবং যুদ্ধে অর্থ ব্যয় বন্ধের পক্ষেও অবস্থান তুলে ধরেন।
কাওয়াস ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা বা ডিএসএর সদস্য। গত বছর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সংগঠনটির সদস্য জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের পর থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডিএসএর প্রভাব ও নির্বাচনী তৎপরতা বেড়েছে।
এবারের নির্বাচনে ডিএসএর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ছিলেন কাওয়াসও। তাঁর প্রতি সমর্থন জানান নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান রাশিদা তালিবসহ কয়েকজন প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা।
কাওয়াসের এই জয়কে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ফিলিস্তিনপন্থী জনগোষ্ঠীর ক্রমবর্ধমান রাজনৈতিক উপস্থিতি ও প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি