সিএনএনের বিশ্লেষণ
ট্রাম্পের ভুলে নজিরবিহীন পরাজয়, সামনে আরও বড় বিপদ
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিজয়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও নীতির বিরুদ্ধে বড় ধরনের জনরায় হিসেবে দেখছে সিএনএন। সংবাদমাধ্যমটির বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, প্রশাসনিক বিশৃঙ্খলা, দুর্নীতির অভিযোগ এবং অভিবাসনবিরোধী কঠোর অভিযান—বিভিন্ন ইস্যুতে ভোটারদের অসন্তোষই রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।
এই নির্বাচনের মধ্য দিয়ে ওয়াশিংটনে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা মাগা শিবিরের একচ্ছত্র রাজনৈতিক প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় মার্কিন সরকারের ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন এসেছে বলে বিশ্লেষণ করেছে সিএনএন।
ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান এতটাই বড় ছিল যে, নির্বাচনের ফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে তা চ্যালেঞ্জ করার সম্ভাবনাও সীমিত হয়ে পড়ে। ২০২০ সালের নির্বাচনের পর যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, এবার তার পুনরাবৃত্তি দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরাজয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে আগের তুলনায় অনেকটা নমনীয় অবস্থানে দেখা গেছে। নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও এবার তাদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পলিটিকোর নির্বাচনী রাতের সরাসরি সম্প্রচারে ট্রাম্প বলেন, দেশের স্বার্থে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান।
তবে পরাজয়ের দায় নিজের ওপর না নিয়ে ট্রাম্প দাবি করেছেন, রিপাবলিকান প্রার্থীরা তার মতো না হওয়ার কারণেই হেরেছেন। কিন্তু সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনী ফলাফলে তার নিজের জনপ্রিয়তা ও নীতির প্রভাব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
নিজের জনপ্রিয়তা নিয়ে ভুল হিসাব করেছিলেন ট্রাম্প
সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্প এবারের মধ্যবর্তী নির্বাচনকে কার্যত নিজের রাজনৈতিক লড়াইয়ে পরিণত করেছিলেন। অথচ তার জনপ্রিয়তা তখন নিম্নমুখী ছিল। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত এবং এর প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মার্কিন পরিবারগুলোর ওপর আর্থিক চাপ তৈরি হয়।
দেশকে ‘স্বর্ণযুগে’ ফিরিয়ে নেওয়ার দাবি করলেও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের বাস্তবতার সঙ্গে ট্রাম্পের বক্তব্যের মিল ছিল না। নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং জনপ্রিয়তা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসই তার জন্য বড় ভুল হিসাব হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে সিএনএন।
ডেমোক্র্যাটদের ঠেকাতে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু সেই উদ্যোগের বেশির ভাগই প্রত্যাশিত ফল আনতে পারেনি। বরং তার জনপ্রিয়তা কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় রিপাবলিকান প্রার্থীরা আসন হারিয়েছেন।
পরাজয়ের দায় ট্রাম্পের ওপরই দেখছে সিএনএন
২০২৪ সালে বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু দ্বিতীয় মেয়াদের মাত্র দুই বছরের মাথায় তার নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টির এমন বিপর্যয়কে সিএনএন তার রাজনৈতিক জীবনের বড় ধাক্কা হিসেবে দেখছে।
নির্বাচনের রাতে প্রথম দিকে ফলাফলের গতি ধীর থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ডেমোক্র্যাটদের সাফল্য স্পষ্ট হয়ে ওঠে। প্রতিনিধি পরিষদের পাশাপাশি দক্ষিণ ক্যারোলাইনা ও টেক্সাসের মতো রিপাবলিকান-প্রভাবিত রাজ্যেও সিনেট নির্বাচনে সাফল্য পায় দলটি। একাধিক গভর্নর পদেও জয় আসে ডেমোক্র্যাটদের।
ট্রাম্প যেসব প্রার্থীকে গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে সমর্থন দিয়েছিলেন, তাদের অনেকেই পরাজিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এবং দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর ডারলিন গ্রাহাম। এ ছাড়া মাগা মতাদর্শের সঙ্গে যথেষ্ট সম্পৃক্ত নন—এমন অভিযোগে সিনেটর জোনি আর্নস্ট ও থম টিলিসকে দলীয় চাপের মুখে রাখার ঘটনাও রিপাবলিকানদের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
সিএনএনের জনমত জরিপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ, অর্থনৈতিক নীতি, অভিবাসনবিরোধী অভিযান এবং ট্রাম্পের নেতৃত্বের বিষয়ে মার্কিন জনগণের বড় একটি অংশের বিরোধিতা রয়েছে। একসময় রিপাবলিকান ভোটারদের মনোভাব বুঝে নির্বাচনে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের বিশেষ দক্ষতার কথা বলা হলেও এবারের নির্বাচনে সেই প্রভাব আর আগের মতো কার্যকর হয়নি বলে মনে করছে সংবাদমাধ্যমটি।
সামনে আরও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা
নির্বাচনের পর সবচেয়ে বড় প্রশ্ন—এবার কী ঘটতে যাচ্ছে? সিএনএনের বিশ্লেষণ বলছে, আগামী বছর থেকে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। প্রশাসনের কর্মকাণ্ড, ইরান যুদ্ধ, হোয়াইট হাউসকে ঘিরে দুর্নীতির অভিযোগ এবং ক্ষমতায় আসার পর প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু হতে পারে।
সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটদের হাতে গুরুত্বপূর্ণ কিছু সাংবিধানিক ক্ষমতাও আসবে। ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে সুপ্রিম কোর্টে বিচারপতির পদ শূন্য হলে নতুন নিয়োগ আটকে দেওয়ার সুযোগ থাকবে তাদের। একইভাবে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ অনুমোদন নিয়েও বাধা তৈরি করতে পারবেন ডেমোক্র্যাটরা।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দলীয় সংঘাত আরও বাড়তে পারে। বাজেট নিয়ে বিরোধ, ইরান যুদ্ধের ভবিষ্যৎ, নির্বাহী ক্ষমতার ব্যবহার এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে কংগ্রেসের ক্ষমতা—এসব ইস্যুতে হোয়াইট হাউস ও ডেমোক্র্যাটদের মধ্যে দীর্ঘ লড়াইয়ের আশঙ্কা রয়েছে।
দেশের অভ্যন্তরে রাজনৈতিক নিয়ন্ত্রণ সীমিত হয়ে পড়লে ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে আরও কঠোর অবস্থান নিতে পারেন—এমন সম্ভাবনার কথাও তুলে ধরেছে সিএনএন। অন্যদিকে, রিপাবলিকানদের এই পরাজয় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থীদের জন্যও নতুন হিসাব তৈরি করবে।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এত দিন ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন। কিন্তু নির্বাচনের ফলের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বিবেচনায় ট্রাম্পের প্রভাব থেকে দূরত্ব তৈরির চাপ তাঁর ওপর বাড়তে পারে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাগা-পরবর্তী নতুন রাজনৈতিক জোট গড়তে পারবেন কি না, কিংবা ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের মতো নেতারা বিকল্প নেতৃত্বের পথে এগোবেন কি না—সেটিও এখন আলোচনায়।
তবে ডেমোক্র্যাটদের জন্যও সামনে সহজ পথ নেই। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে ভেটো ক্ষমতা থাকবে। ফলে তাদের প্রতিশ্রুত নীতিগুলো বাস্তবায়নে বাধার মুখে পড়তে হতে পারে।
বিশেষ করে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে ডেমোক্র্যাটদেরও রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, এ ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও ট্রাম্প—দুজনের প্রশাসনই সমালোচনার মুখে পড়েছে। তাই এবারের বিজয়ের পরও ডেমোক্র্যাটদের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে।
সিএনএনের মূল্যায়ন, এবারের নির্বাচনে ট্রাম্পের রাজনৈতিক প্রভাব বড় ধাক্কা খেলেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংঘাতের অবসান ঘটছে না; বরং কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলের মধ্য দিয়ে নতুন এক রাজনৈতিক টানাপোড়েনের সূচনা হতে পারে।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি