‘এবার স্পেস লেজার কাজ করেনি’, নির্বাচনে হার নিয়ে মাস্কের রসিকতা
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর নিজের ‘নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশের লেজার’ নিয়ে রসিকতা করেছেন ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনের দিন ভোটারদের রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক লিখেছেন, ‘মনে হচ্ছে, এবার আমার নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশের লেজারগুলো কাজ করেনি।’ এর কয়েক ঘণ্টা আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ লালকে ভোট দিন।’ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে লাল রং রিপাবলিকান পার্টির প্রতীক হিসেবে পরিচিত।
এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরের জন্য কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারিত হয়েছে। নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ট্রাম্প জানান, তিনি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।
অক্টোবরে এপি-নরসের এক জরিপে দেখা যায়, প্রায় অর্ধেক মার্কিন ভোটার দেশ পরিচালনার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন চান। তাঁদের মধ্যে প্রায় ৩০ শতাংশ পুরো ব্যবস্থায় আমূল পরিবর্তনের পক্ষে। অন্যদিকে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় দুজন ছোটখাটো পরিবর্তন অথবা কোনো পরিবর্তনই চান না।
এবারের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয়ের ধারণা করা হচ্ছে। নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা ওপেনসিক্রেটসের হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। নির্বাচনী প্রচারে সুপার পিএসি নামে পরিচিত রাজনৈতিক তহবিলগুলোও গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেছে।
বিবিসির তথ্য অনুযায়ী, ব্যক্তিগত দাতাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন তিনি। বিশেষ করে টেক্সাসে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে বড় অঙ্কের অর্থ ঢেলেছেন এই ধনকুবের।
তবে টেক্সাসের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট জেমস টালারিকো। এর মধ্য দিয়ে রাজ্যটিতে ৩৮ বছরের পরাজয়ের ধারার অবসান ঘটিয়েছে ডেমোক্র্যাটরা। প্যাক্সটন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি