ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে ফ্লোরিডায় ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নারী, কে এই পিয়া ডান্ডিয়া?
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী পিয়া ডান্ডিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী কেসি আসকারকে পরাজিত করে আলোচনায় এসেছেন ৩৯ বছর বয়সী এই রাজনীতিক।
নির্বাচনে পিয়া ডান্ডিয়া পেয়েছেন ৫১ দশমিক ৯ শতাংশ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী কেসি আসকার পেয়েছেন ৪৮ দশমিক ১ শতাংশ। এই জয়ের মধ্য দিয়ে ফ্লোরিডা থেকে নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রতিনিধি হওয়ার ইতিহাস গড়েছেন তিনি।
নির্বাচনের আগে আসকারের পক্ষে ট্রাম্প-সমর্থিত বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বিপুল অর্থ ব্যয় করে। তবে শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থীর জয়কে ফ্লোরিডার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
কে এই পিয়া ডান্ডিয়া
পাম বিচ কাউন্টিতে জন্ম ও বেড়ে ওঠা পিয়া ডান্ডিয়ার শৈশব কেটেছে ফ্লোরিডার জুপিটার এলাকায়। তাঁর বাবা-মা ১৯৮০-এর দশকে ভারতের জয়পুর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন।
যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তাঁর বাবা চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। অন্যদিকে মাত্র ৪০ বছর বয়সে তাঁর মা জুপিটারে একটি মন্টেসরি স্কুল প্রতিষ্ঠা করেন। ছোটবেলা থেকেই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পিয়ার। আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে তাঁকে একা ভারতেও পাঠাতেন তাঁর বাবা-মা।
২০২৫ সালের আগস্টে নিউ ইন্ডিয়া অ্যাব্রডকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া বলেছিলেন, শৈশবে ভারতে কাটানো সময় তাঁর জীবন ও চিন্তাভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব ভ্রমণের মধ্য দিয়ে বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও বৈশ্বিক বৈষম্য সম্পর্কে তাঁর ধারণা তৈরি হয়।
বর্তমানে স্বামী নভনীত আলাগ ও ছেলে সাহিবকে নিয়ে পাম বিচ গার্ডেন্সে বসবাস করছেন পিয়া।
শিক্ষা ও কর্মজীবন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন পিয়া ডান্ডিয়া। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ শেষ করার পর ভারতের নয়াদিল্লির একটি বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শেখানোর কাজে যুক্ত হন তিনি। একটি গ্রীষ্মকাল আশা কো-অপারেটিভ সোসাইটির সঙ্গে সাত থেকে ১৭ বছর বয়সী শিশুদের পড়িয়েছেন।
এই অভিজ্ঞতা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলে। পিয়ার ভাষায়, মানুষের সম্ভাবনার চেয়ে অনেক সময় তাদের পারিপার্শ্বিক পরিস্থিতিই জীবনের পার্থক্য তৈরি করে।
পরবর্তী সময়ে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ‘টিচ ফর আমেরিকা’ কর্মসূচির আওতায় বোস্টনে শিক্ষকতা শুরু করেন। মাত্র ২৮ বছর বয়সে হারলেমের ডেমোক্রেসি প্রেপ এন্ডুরেন্স হাই স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পান।
তাঁর নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার্থীদের বড় একটি অংশ ছিল নিম্ন আয়ের পরিবারের সন্তান। বিদ্যালয়টির সব স্নাতক শিক্ষার্থীই কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল বলে জানা যায়।
২০২০ সালে হোয়াইট হাউস ফেলো হিসেবে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতিবিষয়ক পরিষদ এবং মার্কিন শিক্ষা বিভাগে কাজ করেন পিয়া। পরে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলে সরকারি খাতসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের নেতৃত্ব দেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎজকার তাঁকে রাজ্যের পি-২০ কাউন্সিলেও নিয়োগ দিয়েছিলেন।
নির্বাচনী প্রচারণায় যেসব বিষয় গুরুত্ব পেয়েছে
নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, দুর্নীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আগ্নেয়াস্ত্রের নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দেন পিয়া ডান্ডিয়া।
ফ্লোরিডা পলিটিকসকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ ফ্লোরিডার বাসিন্দারা বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় এবং ওয়াশিংটনের লোকদেখানো রাজনীতিতে বিরক্ত। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানই তাঁর রাজনৈতিক অগ্রাধিকার।
নির্বাচনে দুই প্রার্থীর প্রচারণায় বিপুল অর্থ ব্যয় হয়। ১৪ অক্টোবর পর্যন্ত পিয়া প্রায় ৪৬ লাখ ডলার সংগ্রহ করেন। অন্যদিকে কেসি আসকারের সংগ্রহ ছিল প্রায় ৭৪ লাখ ডলার। এর মধ্যে প্রায় ৬৮ লাখ ডলার ছিল নিজের প্রচারণায় তাঁর দেওয়া ঋণ।
এ ছাড়া ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট নো গোয়িং ব্যাক প্যাক ২৪ অক্টোবর পর্যন্ত পিয়ার বিরুদ্ধে প্রায় ৬৫ লাখ ডলার ব্যয়ের কথা জানায়। অন্যদিকে ডেমোক্র্যাটদের নির্বাচনী অর্থায়নকারী সংগঠন হাউস মেজরিটি প্যাক আসকারের বিরুদ্ধে প্রায় ৭৯ লাখ ডলার ব্যয় করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনে পিয়া ডান্ডিয়া ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সংগঠন ইন্ডিয়ান আমেরিকান ইমপ্যাক্ট ফান্ড, সার্ভ আমেরিকা পিএসি এবং ফ্লোরিডার ওয়েলিংটনের রিপাবলিকান মেয়র মাইকেল নেপোলিওনের সমর্থন পান।
শিক্ষা, প্রযুক্তি ও সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে কাজের অভিজ্ঞতা নিয়ে এবার মার্কিন কংগ্রেসে যাচ্ছেন পিয়া ডান্ডিয়া।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি