ইতিহাস গড়লেন কিশা ল্যান্স বটমস: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত
টাইম টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের নির্বাচনি ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কিশা ল্যান্স বটমস। রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার নজির গড়লেন সাবেক এই আটলান্টা মেয়র।
নভেম্বরের ৩ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে কিশা ল্যান্স বটমসের কাছে পরাজিত হন রিপাবলিকান ধনকুবের ব্যবসায়ী রিক জ্যাকসন। বিদায়ী গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে নির্বাচনে নিজের বিপুল অর্থ ব্যয় করেছিলেন জ্যাকসন। তবে দুইশ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয়ের পরও জয় পাননি তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কিশা বটমস এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র ছিলেন। নির্বাচনি প্রচারণায় তার মেয়র থাকাকালীন সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপাবলিকান শিবির সমালোচনা করে। জবাবে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, আটলান্টাকে খারাপ ও বিপজ্জনক শহর হিসেবে তুলে ধরা রিপাবলিকানদের পুরোনো রাজনৈতিক কৌশল।
জর্জিয়ার নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের অংশগ্রহণও ডেমোক্র্যাটদের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন।
এর আগে ২০১৮ ও ২০২২ সালের গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃষ্ণাঙ্গ নারী নেতা স্টেসি আব্রামস। তবে দুইবারই রিপাবলিকান ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হন তিনি।
টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর মেয়াদসীমার কারণে এবার আর নির্বাচনে অংশ নিতে পারেননি কেম্প। তার বিদায়ের মধ্য দিয়ে জর্জিয়ার গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছেন কিশা ল্যান্স বটমস।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি