ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর পরাজয়, জয়ী ডেমোক্রেট অ্যামি অ্যাক্টন
টাইম টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন ডেমোক্রেট প্রার্থী অ্যামি অ্যাক্টন। এর মধ্য দিয়ে দুই দশক পর অঙ্গরাজ্যটিতে আবারও ডেমোক্রেট দলের কোনো প্রার্থী গভর্নর নির্বাচিত হলেন। একই সঙ্গে ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন অ্যাক্টন।
ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম আলোচিত মুখ ছিলেন। এবারের প্রচারে তার সমর্থকদের একটি বিজ্ঞাপন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিজ্ঞাপনটিতে অ্যাক্টনের সঙ্গে বিচ্ছিন্ন সম্পর্ক থাকা তার মাকে দিয়ে প্রার্থীর সমালোচনা করানো হয়।
কয়েক দশক আগে অ্যাক্টনের মা সন্তানদের অভিভাবকত্ব হারিয়েছিলেন। সে সময় অ্যাক্টনের সৎবাবার বিরুদ্ধে শৈশবে তাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল। বিজ্ঞাপনটি প্রকাশের পর রিপাবলিকান ও ডেমোক্রেট—উভয় দলের নেতারাই এর সমালোচনা করেন। সমালোচকদের মধ্যে ছিলেন ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনও।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞাপনটির প্রশংসা করেন। আর ওহাইওর বাসিন্দা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এর পক্ষে অবস্থান নেন।
নির্বাচনী প্রচারে অর্থ ব্যয়ের দিক থেকেও বড় ব্যবধানের মুখে পড়তে হয় অ্যাক্টনকে। রামাস্বামী ও তার সমর্থকেরা প্রচারে বিপুল অর্থ ব্যয় করেন। ধনকুবের ইলন মাস্কও রিপাবলিকান প্রার্থীর সমর্থনে গঠিত একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে অন্তত ৫০ লাখ ডলার অনুদান দেন।
অন্যদিকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অ্যাক্টন তার প্রচারের কেন্দ্রে রাখেন জীবনযাত্রার ব্যয় কমানো এবং মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিষয়টি। করোনা মহামারির সময় তিনি ওহাইওর স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রমজীবী ও মধ্যবিত্ত ভোটারদের কাছে টানতে নিজের কঠিন শৈশবের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। ওহাইওতে জন্ম নেওয়া অ্যাক্টন শৈশবের একপর্যায়ে গৃহহীন ছিলেন। এমনকি এক শীত মৌসুমে তাকে তাঁবুতে বসবাস করতে হয়েছিল।
ভোট গ্রহণের কয়েক ঘণ্টা আগে রামাস্বামী ভোটারদের কাছে সম্পত্তি কর ও বিদ্যুৎ বিল কমানো, সাশ্রয়ী আবাসন এবং নিরাপদ সড়কের প্রতিশ্রুতি তুলে ধরেন। নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তাকে জবাবদিহির আওতায় রাখার আহ্বানও জানান তিনি।
মেয়াদসীমার কারণে গভর্নরের পদ ছাড়ছেন মাইক ডিওয়াইন। নির্বাচিত রাজনীতিতে প্রায় পাঁচ দশকের ক্যারিয়ার শেষে তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, আগে কোনো নির্বাচিত সরকারি পদে দায়িত্ব পালন না করেই ওহাইওর নির্বাহী বিভাগের নেতৃত্ব দিতে যাচ্ছেন অ্যাক্টন। তার এই বিজয়ে অঙ্গরাজ্যটিতে ডেমোক্রেটদের কয়েক বছরের নির্বাচনী দুর্বলতার ধারায় পরিবর্তন এসেছে।
একসময় ওহাইও যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উত্থানের পর সেখানে রিপাবলিকানদের সমর্থন বাড়তে থাকে। একপর্যায়ে ডেমোক্রেট কৌশলবিদেরা অঙ্গরাজ্যটিতে জয়ের আশা অনেকটাই কমিয়ে ফেলেছিলেন।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি