যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস
টাইম টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিসের। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের প্রথম দিন স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পদে নির্বাচিত হতে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে তাঁকে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে স্পিকার পদে দলের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে জেফ্রিসের। নির্বাচিত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দুই বছরে নিম্নকক্ষের নেতৃত্ব দেবেন তিনি। তবে দলের ভেতরেই বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাঁকে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জেফ্রিসকে দলের আদর্শগত ও প্রজন্মগত বিভাজন সামলাতে হতে পারে। ডেমোক্রেটিক পার্টির নতুন সমাজতান্ত্রিক অংশের সমর্থন পাওয়াও তাঁর জন্য সহজ হবে না। কারণ, দলের বর্তমান নেতৃত্বের কর্মকৌশল নিয়ে এই অংশের অনেকেই অসন্তুষ্ট।
এ ছাড়া সবার জন্য মেডিকেয়ার চালু করা এবং ইসরাইল ইস্যুতে জেফ্রিসের তুলনামূলক রক্ষণশীল অবস্থান নিয়ে দলের কর্মী ও আন্দোলনকারীদের সমালোচনার মুখে পড়তে পারেন তিনি।
তবে জেফ্রিসের ঘনিষ্ঠদের দাবি, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন তিনি। বড় কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়ানো, ধনীদের ওপর কর আরোপ এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির মতো বিষয়গুলো তাঁর অগ্রাধিকারে থাকতে পারে।
দলের দীর্ঘদিনের সদস্যদের সঙ্গে নতুন প্রজন্মের নেতাদের মতপার্থক্য দূর করাও হবে তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। কংগ্রেস সদস্যদের শেয়ার ব্যবসায় নিষেধাজ্ঞা আরোপের মতো সংস্কার প্রস্তাব নিয়েও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ রয়েছে।
এর আগে গত বছর রিপাবলিকানদের একটি বিলে সম্মতি দেওয়ায় কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের সদস্যদের ক্ষোভের মুখে পড়েছিলেন জেফ্রিস। তবে সেই দূরত্ব বর্তমানে অনেকটাই কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, ডেমোক্রেটিক পার্টির ভাবমূর্তি পুনরুদ্ধারেও কাজ করছেন জেফ্রিস। ট্রাম্পের বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে দলের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে তাঁর।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি