নির্বাচনের আগের দিনের বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সমালোচনায় ক্ষুব্ধ ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের সামনে দেওয়া বক্তব্যের সংবাদমাধ্যমের উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সাংবাদিকদের পাশাপাশি এক ডেমোক্র্যাট আইনপ্রণেতারও সমালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার সকালে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, আগের দিনের অনুষ্ঠানটি মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে তাঁর সমাপনী প্রচারমূলক বক্তব্য ছিল না। বরং সেটি ছিল একটি সংবাদ সম্মেলন। তাঁর ভাষ্য, সেখানে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ ছিল না এবং কাউকে আমন্ত্রণও জানানো হয়নি; শুধু সাংবাদিকদের উপস্থিতি ছিল। তবে ওই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
ট্রাম্প আরও বলেন, আইওয়া ও কানসাসে রোববারের নির্বাচনী সমাবেশেই ছিল তাঁর মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেওয়া শেষ প্রচারমূলক বক্তব্য।
নির্বাচনের আগে রিপাবলিকান দলের কৌশল নির্ধারকেরা ধারণা করেছিলেন, ট্রাম্প গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রচারণা চালাবেন। তবে তিনি ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুল এলাকায় উপস্থিত হয়ে বক্তব্য দেন। সেখানে তাঁর বক্তব্যের অর্ধেকেরও বেশি সময়জুড়ে ছিল রাজধানী ওয়াশিংটনের বিভিন্ন সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আলোচনা। এসব প্রকল্প নিয়ে ভোটারদের একাংশের অসন্তোষ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ট্রাম্পের ক্ষোভের অন্যতম কারণ ছিল রিফ্লেক্টিং পুলের নাম পরিবর্তন করে নিজের নামে রাখার বিষয়ে করা তাঁর রসিকতা নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প অভিযোগ করেন, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাঁর রসিকতাকে ভুলভাবে উপস্থাপন করেছে। একই বিষয়ে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি টেড লিউয়ের সমালোচনাও করেন তিনি।
সোমবারের বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, রিফ্লেক্টিং পুলের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প রিফ্লেক্টিং পুল’ রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে পরক্ষণেই তিনি বলেন, এটি নিছক রসিকতা এবং সংবাদমাধ্যম যেন বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ না করে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি