নিউইয়র্কের ওয়েস্টচেস্টারে ভোট গণনার মেশিনে ত্রুটি, গণনায় বিলম্বের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে ভোট গণনার মেশিনে ত্রুটি দেখা দিয়েছে। প্রাথমিকভাবে এ সমস্যার কারণ হিসেবে প্রোগ্রামিংয়ের ভুলকে দায়ী করেছেন কাউন্টি কর্মকর্তারা। ত্রুটি সংশোধনে বিকল্প সরঞ্জাম সরবরাহের কাজ চলছে। এ কারণে ভোট গণনা শুরু হতে এবং ফল প্রকাশে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।
কাউন্টি কর্মকর্তারা জানান, মঙ্গলবার নির্বাচনের আগে ভোট গণনার যন্ত্রগুলো পরীক্ষা করা হয়েছিল। তবে একটি পৌর নির্বাচনের প্রার্থিতা-সংক্রান্ত পরিবর্তনের কারণে যন্ত্রগুলোর প্রোগ্রামিং হালনাগাদ করার প্রয়োজন হয়। সেই হালনাগাদ কাউন্টির সব ভোট গণনার যন্ত্রে যথাযথভাবে পৌঁছায়নি। ফলে যন্ত্রগুলো নির্বাচনের দিনের ব্যালট শনাক্ত ও গ্রহণ করতে পারেনি।
নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনসের মুখপাত্র ক্যাথলিন ম্যাকগ্রাথ জানান, সমস্যাটি সমাধানে কাউন্টি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে রাজ্য নির্বাচন বোর্ড। প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় মেমোরি কার্ড পৌঁছে দিয়ে যন্ত্রগুলো সচল করার চেষ্টা চলছে।
ম্যাকগ্রাথ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত একটি ভোট গণনার মেশিন দ্রুত সচল করাই এখন প্রধান লক্ষ্য। এরপর ধাপে ধাপে অতিরিক্ত মেশিনগুলোও চালু করা হবে। তবে একসঙ্গে কমসংখ্যক মেশিনে ভোট গণনা হওয়ায় ফলাফল পেতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, ভোট গণনার গতির চেয়ে নির্ভুলতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, এই ত্রুটির কারণে ভোটারদের ব্যালট পূরণে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে শুধু পূরণ করা ব্যালট মেশিনে প্রবেশ করানোর শেষ ধাপে। সব পূরণ করা ব্যালট নিরাপদে সংগ্রহ করে রাখা হয়েছে।
নির্বাচন বোর্ডের ভাষ্য অনুযায়ী, দুই দলের প্রতিনিধিদের তত্ত্বাবধানে ব্যালটগুলো নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরবর্তী সময়ে সেগুলো স্ক্যান ও গণনা করা হবে।
সূত্র: সিএনএন (CNN)
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি