ভিসা আবেদনকারীর সামাজিকমাধ্যমের বক্তব্যও যাচাই করবে অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ায় ভিসা প্রত্যাখ্যান বা বাতিলের ক্ষেত্রে আবেদনকারী ও ভিসাধারীদের চরিত্র যাচাইয়ের নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নীতিমালায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য, ঘৃণা ছড়ানো, উগ্রবাদী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা এবং সহিংসতাকে সমর্থনের মতো বিষয়গুলো আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
গত ৩১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে নতুন মিনিস্টেরিয়াল ডাইরেকশন ১২৩ (এমডি ১২৩)। এটি আগের মিনিস্টেরিয়াল ডাইরেকশন ১১০-এর (এমডি ১১০) পরিবর্তে চালু হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত ১৮ সেপ্টেম্বর নতুন নির্দেশনায় সই করেন।
নতুন নির্দেশনার গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো ব্যক্তির অতীত ও বর্তমান আচরণের পাশাপাশি তাঁর প্রকাশ্য বক্তব্যও চরিত্র মূল্যায়নের অংশ হতে পারে। বিশেষ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট, অন্যের বক্তব্যের প্রকাশ্য সমর্থন এবং ঘৃণামূলক মতাদর্শ প্রচারের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
অস্ট্রেলিয়ার মাইগ্রেশন অ্যাক্টের ৫০১ ধারার অধীনে বর্ণ, গায়ের রং, জাতীয়তা বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো জনগোষ্ঠীর শ্রেষ্ঠত্ব প্রচার কিংবা তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর বিষয় চরিত্র মূল্যায়নে প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিকে অস্ট্রেলিয়ায় প্রবেশ বা বসবাসের অনুমতি দিলে দেশটির সমাজ কিংবা কোনো জনগোষ্ঠী ক্ষতির ঝুঁকিতে পড়বে কি না, সেটিও বিবেচনা করা হবে।
এ ক্ষেত্রে বক্তব্যটি অস্ট্রেলিয়ায় নাকি অন্য কোনো দেশে প্রকাশ করা হয়েছে, তা মুখ্য নয়। অর্থাৎ, বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যও এই বিধানের আওতায় আসতে পারে।
এ ছাড়া সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ ঘৃণাভিত্তিক সংগঠন কিংবা সন্ত্রাসবাদ ও উগ্রবাদে সমর্থন জোগানো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং হেট ক্রাইমে জড়িত থাকার বিষয়ও বিবেচনায় আসবে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত হওয়া বা দণ্ডিত হওয়া সবসময় বাধ্যতামূলক নয়।
তবে এর অর্থ এই নয় যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়া সরকারের সমালোচনা, রাজনৈতিক মতামত প্রকাশ কিংবা যেকোনো বিতর্কিত বক্তব্যের কারণে স্বয়ংক্রিয়ভাবে কারও ভিসা প্রত্যাখ্যান বা বাতিল হবে। আইনে নির্দিষ্ট করে উল্লেখ করা ঘৃণা ছড়ানো, জাতিগত বিদ্বেষ এবং সমাজের জন্য ক্ষতির ঝুঁকির মতো বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে হবে। প্রতিটি সিদ্ধান্ত ব্যক্তির পরিস্থিতি ও সংশ্লিষ্ট প্রমাণের ভিত্তিতে নেওয়ার কথা বলা হয়েছে।
নতুন নির্দেশনায় পারিবারিক ও গার্হস্থ্য সহিংসতার বিষয়েও গুরুত্ব বাড়ানো হয়েছে। শারীরিক নির্যাতনের পাশাপাশি ব্যক্তিগত ছবি বা উপাদান ব্যবহার করে হয়রানি, অনুসরণ এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার মতো বিষয়ও মূল্যায়নে বিবেচিত হবে। বিশেষ করে পারিবারিক সহিংসতার ঘটনায় শিশুদের ওপর প্রভাব এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তার ঝুঁকিকে গুরুত্ব দিতে বলা হয়েছে।
চরিত্র মূল্যায়নের প্রধান বিবেচ্য বিষয়েও পরিবর্তন এসেছে। আগে অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো ব্যক্তির দীর্ঘদিনের বসবাস, পারিবারিক সম্পর্ক ও সামাজিক যোগাযোগকে পাঁচটি প্রধান বিবেচ্য বিষয়ের একটি হিসেবে দেখা হতো। নতুন নির্দেশনায় বিষয়টি প্রধান তালিকা থেকে সরিয়ে অন্যান্য বিবেচনার পর্যায়ে নেওয়া হয়েছে।
এখন চরিত্র মূল্যায়নের চারটি প্রধান বিবেচ্য বিষয় হলো—অস্ট্রেলীয় সমাজকে অপরাধ ও গুরুতর ক্ষতিকর আচরণ থেকে সুরক্ষা, পারিবারিক সহিংসতা, অস্ট্রেলীয় সমাজের প্রত্যাশা এবং দেশটিতে বসবাসরত অপ্রাপ্তবয়স্ক শিশুদের সর্বোত্তম স্বার্থ। পাশাপাশি ভিসা প্রত্যাখ্যান বা বাতিলের সিদ্ধান্তে সংশ্লিষ্ট ব্যক্তির কারণে অস্ট্রেলিয়ার ব্যবসা-বাণিজ্য বা কর্মক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে, সেটিও আর আলাদা প্রধান বিবেচ্য বিষয় হিসেবে রাখা হয়নি।
নতুন নির্দেশনাটি বিশেষভাবে প্রাসঙ্গিক তাঁদের জন্য, যাঁদের ভিসা প্রত্যাখ্যান, বাতিল কিংবা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়টি চরিত্রগত কারণে বিবেচনাধীন। এর মধ্যে অস্ট্রেলিয়ায় বসবাসরত ভিসাধারী এবং দেশটিতে প্রবেশের আবেদনকারী—উভয়ই রয়েছেন।
তবে নতুন নীতিমালায় সব ধরনের ভিসা আবেদনের নিয়মিত যাচাইপ্রক্রিয়ায় প্রত্যেক আবেদনকারীর ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট পরীক্ষা বাধ্যতামূলক করা হয়নি। মূলত মাইগ্রেশন অ্যাক্টের ৫০১ ও ৫০১সিএ ধারার অধীনে চরিত্রগত কারণে ভিসা প্রত্যাখ্যান, বাতিল এবং বাধ্যতামূলক বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কী কী বিষয় বিবেচনা করতে হবে, তা নির্ধারণ করেছে নতুন নির্দেশনা।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি