যুক্তরাজ্যে ভিসা নীতিতে পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নতুন অভিবাসন নীতিতে বড় ধরনের স্বস্তি পেয়েছেন বিদেশি পরিচর্যাকর্মীরা। স্থায়ী বসবাসের অনুমতি পেতে ১৫ বছর অপেক্ষার পূর্ববর্তী পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে আগের মতো পাঁচ বছর পরই স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন অভিবাসী পরিচর্যাকর্মীরা।
শাবানা মাহমুদের প্রস্তাবিত নীতিতে অধিকাংশ অভিবাসীর স্থায়ী হওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার কথা ছিল। কিছু ক্ষেত্রে ১৫ বছর অপেক্ষার প্রস্তাবও ছিল। তবে লেবার পার্টির ভেতরে তীব্র বিরোধিতা ও সমালোচনার মুখে পরিচর্যাকর্মীদের জন্য ছাড় দিয়েছে সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, বছরে অন্তত ২৫ হাজার পাউন্ড আয় করেন এবং ২০২৫ সালের মে মাসের আগে যুক্তরাজ্যে এসেছেন—এমন পরিচর্যাকর্মীরা পাঁচ বছর পূর্ণ হলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। যারা নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন না, তারা আরও পাঁচ বছরের ভিসা নিতে পারবেন। এরপর তাঁদের স্থায়ী হওয়ার সুযোগ থাকবে।
সোমবার হাউস অব কমন্সে শাবানা মাহমুদ বলেন, স্থায়ী বসবাস স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার বিষয় নয়; এর জন্য যোগ্যতা অর্জন করতে হবে। তবে করোনা মহামারির পর দেশের প্রয়োজনে যুক্তরাজ্যে আসা কর্মীদের অবদানও বিবেচনায় নেওয়া হয়েছে।
অন্য অভিবাসীদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর হচ্ছে। বছরে ৫০ হাজার পাউন্ডের কম আয় করা অধিকাংশ অভিবাসীকে স্থায়ী হওয়ার জন্য ১০ বছর অপেক্ষা করতে হবে। তবে চিকিৎসক, শিক্ষকসহ স্বাস্থ্য ও শিক্ষা খাতের কর্মী এবং উচ্চ বেতনভোগীরা পাঁচ বছরেই আবেদন করতে পারবেন। বছরে এক লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি আয় করা সর্বোচ্চ করদাতাদের জন্য অপেক্ষার সময় মাত্র তিন বছর।
ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বা অন্য অনিয়মিত পথে যুক্তরাজ্যে আসা শরণার্থীদের ক্ষেত্রে অপেক্ষার সময় আরও দীর্ঘ হতে পারে। কাজ বা পড়াশোনায় যুক্ত থাকলে ২০ বছর এবং এসবের সঙ্গে যুক্ত না থাকলে ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
সরকারের এই পরিবর্তনকে নীতিগত পিছু হটা বলে আখ্যা দিয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টি। দলটির দাবি, এতে করদাতাদের ওপর কয়েক বিলিয়ন পাউন্ডের অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলপের অভিযোগ, লেবার পার্টির অভ্যন্তরীণ চাপের মুখেই অবস্থান পরিবর্তন করেছেন মাহমুদ। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নতুন পরিকল্পনাতেও সরকার বিপুল অর্থ সাশ্রয় করতে পারবে। এ বিষয়ে বিস্তারিত হিসাব পরে প্রকাশ করা হবে।
গত মার্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক হিসাবে বলা হয়েছিল, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় এক লাখ ১৭ হাজার বিদেশি পরিচর্যাকর্মী স্থায়ী হতে পারেন। তাঁদের জীবনকালীন সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৪২০ কোটি পাউন্ড। পরিবারের সদস্যদের হিসাব যুক্ত করলে তা বেড়ে ৯৫০ কোটি পাউন্ডে পৌঁছাতে পারে। নতুন পরিকল্পনায় আগের নিয়মে স্থায়ী হওয়ার সুযোগ হারাতে পারেন—এমন অভিবাসীর সংখ্যা সাত লাখ ৯৯ হাজার থেকে কমে পাঁচ লাখ ১৭ হাজারে নেমেছে।
যুক্তরাজ্যে কর্মরত অনেক বাংলাদেশি অভিবাসীও এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। বার্মিংহামে কর্মরত রাঁধুনি আশফাক জুনেদ বিবিসিকে জানান, তাঁর স্থায়ী হওয়ার সময় ২০৩৩ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে—এমন খবর শুনে তিনি কেঁদে ফেলেছিলেন।
হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে নিট অভিবাসনের মাধ্যমে যুক্তরাজ্যের জনসংখ্যায় ২৬ লাখ মানুষ যুক্ত হয়েছেন। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১৩ লাখ থেকে ২২ লাখ মানুষ স্থায়ী বসবাসের অনুমতি পেতে পারেন। এ ক্ষেত্রে সরকারের মধ্যম প্রাক্কলন ১৯ লাখ।
এদিকে, রিফিউজি কাউন্সিলের ইমরান হোসেন অনিয়মিত পথে আসা এবং কাজ বা পড়াশোনায় যুক্ত নন—এমন শরণার্থীদের জন্য ৩০ বছর অপেক্ষার প্রস্তাবকে অন্যায্য ও বাস্তবায়ন-অযোগ্য বলে সমালোচনা করেছেন।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি