কুয়েতে নিরাপত্তাকর্মীকে হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
কুয়েতের আল মুতলায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মীকে হত্যার অভিযোগে আরমান হোসেন নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জননিরাপত্তা বিভাগের সহযোগিতায় ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুয়েতের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস কুয়েত’-এর বরাতে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ওই ভবনের ছাদ থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
তদন্তে জানা যায়, গ্রেপ্তার আরমান হোসেন ওই ভবনের সাবেক নিরাপত্তাকর্মী ছিলেন। হত্যাকাণ্ডের এক দিন আগে তাঁর চাকরির অবসান ঘটানো হয়। পরে তাঁর স্থলাভিষিক্ত হন নিহত ব্যক্তি।
তদন্তকারীরা আরও জানতে পারেন, আবাসিক ভিসার মেয়াদ শেষ হওয়াসংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আরমান শার্ক থানায় আত্মসমর্পণ করেছিলেন। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা প্রকাশের আগেই দেশ থেকে বহিষ্কৃত হওয়ার উদ্দেশ্যে তিনি এমনটি করেছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আরমান হত্যার কথা স্বীকার করেছেন। চাকরি নিয়ে বিরোধের জেরে নিহত নিরাপত্তাকর্মীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাঠের বস্তু ও ছুরি দিয়ে হামলা চালিয়ে তাঁকে হত্যা করেন বলে স্বীকারোক্তিতে জানান তিনি।
আরমান হোসেনের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি