‘আপনি দেখতে জঘন্য, নিজের শরীর ঠিক করুন’: স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে বডি শেমিং করলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
নিজের স্বাস্থ্য ও নির্বাচনী সফর নিয়ে প্রশ্ন করায় রয়টার্সের এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করে ব্যক্তিগত আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেন তিনি। একপর্যায়ে তাঁকে ‘জঘন্য’ বলেও মন্তব্য করেন।
কানসাসে না যাওয়ার সিদ্ধান্ত তাঁর অসুস্থতার সঙ্গে সম্পর্কিত কি না—সাংবাদিকের এমন প্রশ্নের পরই ক্ষুব্ধ হন ট্রাম্প। সাংবাদিক নিজের পরিচয় রয়টার্সের কর্মী হিসেবে দেওয়ার পর তিনি বলেন, ‘ওহ, এমন প্রশ্ন করার জন্য তুমি অসুস্থ। তুমি অসুস্থ।’ এরপর যোগ করেন, ‘যাই হোক, রয়টার্স খুবই বাজে।’
পরে সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘এই লোকটার দিকে তাকাও। তার শরীরে কী বেহাল দশা।’ সাংবাদিক আবারও তাঁর সুস্থতা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তাঁর স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে।
ট্রাম্প বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে আমি আমার নিজের শারীরিক অবস্থার খোঁজ রাখছি। আমি চমৎকার বোধ করছি।’ এরপর সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে জঘন্য লাগছে। নিজের শরীর ঠিক করুন। ইউ লুক লাইক হেল।’
কানসাস ও আইওয়ার নির্বাচনী সমাবেশ বাতিল
আসন্ন মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকানরা যখন তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে, তখন কানসাস ও আইওয়ায় সপ্তাহান্তের নির্ধারিত নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন ট্রাম্প।
কানসাসের স্যালিনায় শনিবার এবং আইওয়ার ড্যুবুকে রোববার সমাবেশ হওয়ার কথা ছিল। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তাঁর মনে হয় না, ‘কানসাসে যাওয়ার কোনো প্রয়োজন আছে।’ পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটি আইওয়ার সমাবেশটিও বাতিলের ঘোষণা দেয়।
সশরীরে সমাবেশে অংশ নেওয়ার পরিবর্তে ট্রাম্পের নির্বাচনী তহবিল সংগ্রহকারী গোষ্ঠী ‘ম্যাগা ইনক’ জানিয়েছে, নির্বাচনের আগে কানসাস ও আইওয়াসহ অন্তত ১৯টি রাজ্যে প্রেসিডেন্টকে যুক্ত করে ধারাবাহিক টেলি-র্যালির আয়োজন করা হবে।
রিপাবলিকান প্রার্থীদের বিজয়ী করতে গত ১ অক্টোবর থেকে ১৯টি রাজ্যে ২৫টি জনসভা করেছেন ট্রাম্প। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে তাদের অল্প ব্যবধানে থাকা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, তা নির্ধারিত হবে।
দুটি সমাবেশ বাতিল হলেও শুক্রবার অন্য একটি নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে ট্রাম্পের ফ্লোরিডা যাওয়ার কথা রয়েছে।
এর আগে নির্বাচনী প্রচারের শারীরিক ধকলের কথা স্বীকার করেছিলেন ট্রাম্প। গত সোমবার মিসিসিপির এক সমাবেশে তিনি বলেন, ‘প্রতিদিন জনসভা করার জন্য ঈশ্বর আপনাদের ভোকাল কর্ড তৈরি করেননি।’
এদিকে, ওই সাংবাদিক স্পষ্ট করার চেষ্টা করেন যে তিনি কেবল প্রেসিডেন্টের সুস্থতা সম্পর্কে জানতে চেয়েছেন। তবে ট্রাম্প তাঁর প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করেন এবং তাঁর কণ্ঠ নকল করে একই প্রশ্ন বারবার উচ্চারণ করেন।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি