ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সুইস মডেলের
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। তার দাবি, ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। জেফরি এপস্টিন-সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ উঠে এসেছে। তবে অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে এপস্টিনের অপরাধের সঙ্গে ট্রাম্পের কথিত যোগসূত্র নিয়ে ডেমোক্র্যাটদের তদন্তের তথ্য তুলে ধরা হয়। এতে কিউলসহ কয়েকজন নারীর বক্তব্য উল্লেখ করা হয়েছে, যাদের কেউ কেউ ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন বা ধর্ষণের অভিযোগ করেছেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথমবার ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন কিউল। এবার তার দাবি, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজা হোটেলে ঘটে যাওয়া ঘটনাটি ধর্ষণ পর্যন্ত গড়িয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাট কমিটির কর্মীদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে সাক্ষাৎকারে নিজের অভিযোগের বিস্তারিত বর্ণনা দেন তিনি। তখন কিউলের বয়স ছিল ২৪ বছর।
কিউলের ভাষ্য অনুযায়ী, একটি সুন্দরী প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় প্লাজা হোটেলের মালিক ছিলেন ট্রাম্প। কিউলের অভিযোগ, ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রে ভিসার ব্যবস্থা করে দেওয়া এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ট্রাম্প তাকে বলেছিলেন, ‘আমি তোমার দেখাশোনা করব।’
কিউলের দাবি, ট্রাম্পের সঙ্গে পরিচয়ের পরপরই জেফরি এপস্টিন তার কাছে আসেন। নিজেকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু পরিচয় দিয়ে এপস্টিন তাকে ফ্লোরিডার মার-আ-লাগোতে একটি পার্টিতে আমন্ত্রণ জানান। এপস্টিন তাকে বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে তারা অনেক পার্টির আয়োজন করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরে ট্রাম্পের এক প্রতিনিধি কিউলকে প্লাজা হোটেলের ওপরের তলায় ট্রাম্পের সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানান। কিউলের অভিযোগ, সেখানে যাওয়ার পর ট্রাম্প পেছন থেকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তার পোশাক ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তপাত ও কালশিটে দাগ পড়ে বলে দাবি করেন তিনি।
কিউল ঘটনাটিকে ‘নৃশংস’ বলে বর্ণনা করেছেন। তার আরও অভিযোগ, ঘটনার পর ট্রাম্প তাকে আবারও ভিসা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দেন এবং বিষয়টি নিয়ে চুপ থাকতে বলেন। এসব অভিযোগ ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত প্রতিবেদনে উঠে এলেও অভিযোগের সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য এখানে উল্লেখ নেই। হোয়াইট হাউস অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি