জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবার মৃত্যু
অনলাইন ডেস্ক
জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বিখ্যাত বক্সিং সিরিজ ‘আশিতা নো জো’র স্রষ্টা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন তিনি। মঙ্গলবার তাঁর প্রকাশকেরা মৃত্যুর খবর জানান। বার্তা সংস্থা এএফপি টোকিও থেকে এ খবর প্রকাশ করেছে।
১৯৬০-এর দশক থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত প্রকাশিত ‘আশিতা নো জো’ সিরিজের কেন্দ্রীয় চরিত্র ছিল এক সমস্যাগ্রস্ত তরুণ। কিশোর সংশোধনাগারে বক্সিং শেখার পর সে পেশাদার বক্সিংয়ে নাম লেখায় এবং একপর্যায়ে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে। সিরিজটি জাপানের জনপ্রিয় সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। গল্পে প্রধান প্রতিদ্বন্দ্বীর মৃত্যুর পর ভক্তরা তাঁর শেষকৃত্যের আয়োজন করেছিলেন। সিরিজটি থেকে জনপ্রিয় অ্যানিমে, চলচ্চিত্র, ভিডিও গেম, টেলিভিশন বিজ্ঞাপন ও মঞ্চনাটকও তৈরি হয়েছে।
তেৎসুয়া চিবার মাঙ্গায় বিভিন্ন খেলায় তরুণ ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী জাপানের সাধারণ মানুষের দারিদ্র্য, হতাশা, আনন্দ ও আশাবাদের চিত্র উঠে এসেছে। গলফ, বক্সিং ও জাপানি মার্শাল আর্ট কেন্দো ছিল তাঁর কাজের অন্যতম বিষয়। তাঁর সৃষ্ট চরিত্র ও গল্পের সংলাপ এখনো বহু ভক্তের স্মৃতিতে জীবন্ত।
প্রায় সাত দশকের কর্মজীবনে চিবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করেছেন এবং জাপান কার্টুনিস্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন। শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাপানের মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব কালচার’সহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন।
জাপানের বড় প্রকাশনা প্রতিষ্ঠান কোদাংশা গত ৪৬ বছর ধরে তরুণ মাঙ্গা শিল্পীদের ‘তেৎসুয়া চিবা পুরস্কার’ দিয়ে আসছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, পেশাদার শিল্পী হওয়ার পথে অসংখ্য নবীন মাঙ্গা শিল্পী চিবার উপদেশ অনুসরণ করেছেন। তাঁদের অনেকেই এখনো এই পেশায় সক্রিয়। গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, মাঙ্গা জগতে চিবার অসামান্য অবদান অপূরণীয়।
শান্তির প্রতি নিজের অঙ্গীকার নিয়ে চিবা প্রায়ই গণমাধ্যমে কথা বলতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনে কাটানো শৈশবের স্মৃতিও তুলে ধরতেন তিনি। যুদ্ধে জাপানের পরাজয়ের পর দেশে ফিরে আসেন এই কিংবদন্তি শিল্পী।
সূত্র: এএফপি।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি