ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ধর্মবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রায়ান হিগিন্সের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী, সমকামিতাবিরোধী ও ধর্মীয় উসকানিমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে ইসলাম, অভিবাসী, সমকামী জনগোষ্ঠী এবং নারীদের নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন হিগিন্স।
সিএনএনের পর্যালোচনা অনুযায়ী, সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বর্ণবাদীভাবে ব্যঙ্গ করা একটি ভিডিওর পক্ষে সাফাই গেয়েছেন হিগিন্স। সমকামী বিয়েকে ‘জঘন্য’ আখ্যা দেওয়ার পাশাপাশি মুসলিম ও অভিবাসীদের নিয়েও কট্টর মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধানে ধর্ম ও রাষ্ট্রের পৃথক্করণের অস্তিত্ব নেই বলেও দাবি করেছেন হিগিন্স।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপে অভিবাসীদের অপরাধসংক্রান্ত খবর শেয়ার করে তাঁদের ‘বর্বর’ বলে উল্লেখ করেছেন তিনি। এলজিবিটিকিউ অধিকার আন্দোলনের বিরোধিতা করার পাশাপাশি গর্ভপাতকে ‘শয়তানের উপাসনা’ বলে আখ্যা দিয়েছেন এবং গর্ভপাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন, কমলা হ্যারিস ও ন্যান্সি পেলোসির মতো ডেমোক্রেটিক নেতাদের নিয়ে ব্যক্তিগত ও বর্ণবাদী আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
সিএনএনের অনুসন্ধানে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কারচুপির দাবি এবং কোভিড-১৯ মহামারি সম্পর্কিত বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের বিষয়টিও উঠে এসেছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পরও নির্বাচনপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হিগিন্স বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পেন্টাগনে সামরিক নেতৃত্ব ও বিশেষজ্ঞদের সরিয়ে নীতিগত পরিবর্তন আনার প্রক্রিয়ায় হিগিন্সকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বর্ণনা করেছে সিএনএন। পেন্টাগনে খ্রিষ্টীয় জাতীয়তাবাদী ভাবধারা জোরদার এবং নতুন ধর্মবিষয়ক দপ্তর প্রতিষ্ঠার পেছনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন একাধিক সূত্র।
এসব অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন যোগাযোগ করলেও হিগিন্স কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে তাঁকে প্রতিরক্ষামন্ত্রীর দলের একজন ‘গুরুত্বপূর্ণ সদস্য’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হিগিন্স মার্কিন সেনাদের আত্মিক স্বাস্থ্য এবং ধর্মবিষয়ক দপ্তর প্রতিষ্ঠার কাজে মনোযোগ দিচ্ছেন। তবে সিএনএনের প্রতিবেদনে উত্থাপিত নির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নীতিগত উদ্যোগ এবং সেনাবাহিনীতে খ্রিষ্টীয় ধর্মীয় ভাবধারা জোরদারের প্রচেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রে আগে থেকেই বিতর্ক রয়েছে। হিগিন্সের বিতর্কিত বক্তব্যের অভিযোগ সামনে আসায় প্রতিরক্ষা দপ্তরের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সেই বিতর্ক আরও জোরালো হয়েছে।
সূত্র: সিএনএন।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি