আকামার মেয়াদ শেষ হলেও সৌদি প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
ফ্লাইট বিপর্যয়ের কারণে বাংলাদেশে আটকে পড়া যেসব সৌদি প্রবাসী কর্মীর আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁরা সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সৌদি আরবের নিয়মকানুন অনুসরণ করে দক্ষ কর্মীদের অভিবাসন সম্প্রসারণ নিয়ে এ সভার আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিভিন্ন তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলে এবং কর্মীরা সৌদি আরবে যাওয়ার সুযোগ পেলে তাঁদের তথ্য দেশটির সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হবে। এর মাধ্যমে তাঁরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এ পর্যন্ত বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৪৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফলে ছুটি শেষে নির্ধারিত সময়ে সৌদি আরবে ফিরতে পারছেন না অনেক প্রবাসী কর্মী। এতে তাঁদের কাজের বৈধ অনুমতিপত্র বা আকামার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আলোচনা সভায় প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলো সমন্বিতভাবে কাজ করলে জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যে কাজে তিন লাখ টাকা খরচ হওয়ার কথা, সেখানে সাত থেকে আট লাখ টাকা নেওয়া অনুচিত। কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, কর্মীদের বিদেশ যাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ের জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তি চালুর কাজ চলছে। অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ই-মেইল সেবা চালু ও তা প্রচারের উদ্যোগও নেওয়া হয়েছে। বিদেশে কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার ওপরও গুরুত্ব দেন তিনি।
সৌদি আরবে কারাবন্দী বাংলাদেশিদের আগামী রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়ে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, দ্বিপক্ষীয় যেকোনো সমস্যা যৌথ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোকে অভিবাসন ব্যয় কমানোর আহ্বান জানান তিনি।
সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে দেশটির নিজস্ব নাগরিকদের পর সবচেয়ে বেশি বসবাস করেন বাংলাদেশের কর্মীরা। দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে শ্রম খাতে আরও জোরদার ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা তাকামুল পরীক্ষা প্রক্রিয়া সহজ করা, পরীক্ষার ফি কমানো, বিএমইটির জনশক্তি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি জানান।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি