আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে ব্রিটেনে হামলার সক্ষমতা অর্জন করতে পারে শত্রুরা: প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
২০৩০ সালের মধ্যে ব্রিটেনে হামলার সক্ষমতা অর্জন করতে পারে শত্রুরা: প্রতিরক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

রাশিয়ার হাইব্রিড যুদ্ধ, সমুদ্রতলের যোগাযোগ কেব্‌লে নজরদারি ও সাইবার হামলার ঝুঁকি বাড়তে থাকায় যুক্তরাজ্যকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তাঁর সতর্কবার্তা, ২০৩০ সালের মধ্যে শত্রুপক্ষ ব্রিটেনে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে। এ পরিস্থিতিতে মিত্রদের সঙ্গে নিয়ে যুদ্ধ করার পাশাপাশি তা জয়ের প্রস্তুতিও নিতে হবে দেশটিকে। একই সময়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর লক্ষ্যমাত্রা ও সময়সীমা নিয়ে ব্রিটিশ সরকারের মধ্যে বিতর্ক তীব্র হচ্ছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে স্ট্রিটিং বলেন, ‘আমার প্রধান অগ্রাধিকার হলো, এই দেশকে যুদ্ধ করতে এবং যুদ্ধে জিততে প্রস্তুত করা।’ তাঁর মতে, সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে হলে আগেভাগেই প্রস্তুতি নিতে হবে। প্রথমে সামরিক সক্ষমতা এমনভাবে বাড়াতে হবে, যাতে শত্রুরা ব্রিটেনে হামলা চালানোর আগে দুবার ভাবতে বাধ্য হয়। প্রতিরোধের সেই চেষ্টা ব্যর্থ হলে দেশটিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।


ব্রিটিশ সরকারের ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ প্রচারাভিযান শুরুর কয়েক দিন পর এই সতর্কবার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী। সাইবার হামলা কিংবা ভয়াবহ আবহাওয়ার কারণে গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল হয়ে পড়লে পরিস্থিতি মোকাবিলায় পরিবারগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সরকার। এ জন্য দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার, বোতলজাত পানি, কম্বল ও রেডিও রাখার কথা বলা হয়েছে। সরকারি নির্দেশনায় নাগরিকদের অন্তত তিন দিন সুপারমার্কেট বা ইলেকট্রনিক মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা ছাড়াই চলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।


বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার ঘটনার পরও সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা পিএইচপি প্রোগ্রামিং ভাষায় একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছিল। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় এই ভাষা ব্যবহৃত হয়।


এর আগে চলতি সপ্তাহের শুরুতে দ্য টেলিগ্রাফ জানায়, ব্রিটেনের গুরুত্বপূর্ণ সমুদ্রতলের যোগাযোগ কেব্‌লগুলোর ওপর নজরদারি চালাতে রাশিয়া মাছ ধরার ট্রলার মোতায়েন করছে। ব্রিটিশ মন্ত্রীরা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রতলের অবকাঠামোর জন্য হুমকি তৈরি করতে মস্কো ‘বাণিজ্যিক মধ্যস্থতাকারী’ ব্যবহার করছে। এ প্রেক্ষাপটে সমুদ্রতলের কেব্‌লে নাশকতায় জড়িত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে ব্রিটিশ সরকার।


স্ট্রিটিং বলেন, ব্রিটেনের শত্রুরা দেশটির ক্ষতি করতে চায়—এটি নতুন কিছু নয়। তবে তাদের সেই ক্ষতি করার সক্ষমতায় পরিবর্তন এসেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে শত্রুপক্ষের সামরিক শক্তি ও যুদ্ধ পরিচালনার উপযোগী অর্থনীতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখান থেকে তারা ব্রিটেনে হামলা চালাতে সক্ষম হবে।


তিনি বলেন, ‘আমাদের হাতে এক হাজার দিনের কিছু বেশি সময় রয়েছে। এই সময়ের মধ্যে আমাদের লক্ষ্য পূরণ করতে হবে: মিত্রদের সঙ্গে নিয়ে যুদ্ধ করতে এবং যুদ্ধে জিততে প্রস্তুত হওয়া।’ স্ট্রিটিংয়ের দাবি, তাঁর সরকার এই লক্ষ্য অর্জন নিশ্চিত করবে।


পাঁচ বছরের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সতর্কবার্তা

ব্রিটেনের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে এর আগেও সতর্ক করেছিলেন দেশটির সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স। গত বছরের জুলাইয়ে তিনি বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে ব্রিটেনের হাতে পাঁচ বছরেরও কম সময় রয়েছে। এ জন্য দ্রুত বাঙ্কার নির্মাণ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ শুরু করার আহ্বান জানান তিনি।


দ্য টেলিগ্রাফকে স্যান্ডার্স বলেন, ‘আমরা যদি এখনই পদক্ষেপ না নিই এবং আগামী পাঁচ বছরের মধ্যে নিজেদের প্রতিরোধক্ষমতা বাড়ানোর কাজ শুরু না করি, তাহলে পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে আমাদের আর কী সংকেত প্রয়োজন, তা আমি বুঝতে পারি না।’


তিনি আরও বলেন, বিশ্ব এখন স্নায়ুযুদ্ধের সময়ের মতোই বিপজ্জনক, এমনকি কোনো কোনো দিক থেকে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন স্তরের পাশাপাশি সংকট মোকাবিলার সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, হামলার পর পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো, বেসামরিক জনগণকে রক্ষা করা এবং জনগণকে বোঝানো জরুরি যে এ ধরনের ঘটনা যুক্তরাজ্যেও ঘটতে পারে।


প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে পূরণের পরিকল্পনা প্রকাশ না করায় স্যান্ডার্স ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলিরও সমালোচনা করেছিলেন।

এদিকে, বিরোধী দলের ছায়া অর্থমন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিথ বলেছেন, ২০৩০ সালের মধ্যে জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে ব্যর্থ হলে হিলির পদত্যাগ করা উচিত। গ্রিফিথের ভাষ্য, বাজেট বক্তব্য শেষ হওয়ার আগেই প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণের জন্য সম্পূর্ণ অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


গ্রিফিথ আরও বলেন, বিশ্ব এখন নজিরবিহীন নিরাপত্তা হুমকির মুখে থাকলেও দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে সরকার দ্বিধা করছে। তাঁর মতে, প্রতিরক্ষা ব্যয়কে বিমার প্রিমিয়ামের মতো বিবেচনা করা উচিত, কারণ সম্ভাব্য হামলার ক্ষতি মোকাবিলার চেয়ে আগাম প্রস্তুতি নেওয়া বেশি গুরুত্বপূর্ণ।


তিনি সতর্ক করে বলেন, যুক্তরাজ্যের ভূখণ্ডে বড় ধরনের হামলা হলে কোনো প্রতিষ্ঠানই তার প্রভাব থেকে সম্পূর্ণ অক্ষত থাকতে পারবে না। গ্রিফিথের ভাষায়, শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।


টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু