যুক্তরাষ্ট্রে কোরআনের আয়াতে উদ্বুদ্ধ হয়ে যেভাবে বাসভর্তি শিশুদের প্রাণ বাঁচালেন যুবক
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় চালক অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়া একটি স্কুল বাস থামিয়ে ১৯ শিশুকে নিরাপদে রাখতে সহায়তা করেছেন ২৭ বছর বয়সী ইব্রো আহমেদ। চলন্ত বাসে লাফিয়ে উঠে জরুরি ব্রেক টেনে ধরেন তিনি। আহমেদ জানিয়েছেন, পবিত্র কুরআনের একটি আয়াত তাঁকে এ কাজে অনুপ্রাণিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার বিকেলে মিনেসোটার সেন্ট পলে আহমেদের পরিবারের পরিচালিত ‘ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ দোকানের সামনে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিরতির সময় ফুটবল নিয়ে খেলা ও মোবাইল ফোন দেখছিলেন আহমেদ। এমন সময় দরজা খোলা অবস্থায় একটি হলুদ স্কুল বাস তাঁর সামনে দিয়ে চলে যায়।
আহমেদ জানান, বাসচালকের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে তিনি বুঝতে পারেন, চালক গুরুতর শারীরিক সমস্যায় পড়েছেন। মুহূর্তের মধ্যে বাসটির দিকে দৌড়ে গিয়ে ভেতরে লাফ দেন তিনি। হাত খালি করতে নিজের ফোন ও চশমা সামনের দুটি মেয়ের দিকে ছুড়ে দেন। প্রথমে বাসটিকে পার্কিং গিয়ারে নেওয়ার কথা ভাবলেও শিশুদের চিৎকারের মধ্যে জরুরি ব্রেক টেনে ধরেন। এতে বাসটি থেমে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে শিশুদের একজনকে জরুরি সহায়তার জন্য ফোন করতে বলেন তিনি।
সেন্ট পলের পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট শুক্রবার এক বিবৃতিতে জানায়, বাসটিতে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ঘটনাস্থলে প্যারামেডিকদের পাঠানো হয়। বাসে থাকা ১৯ শিক্ষার্থীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে পরে আরেকটি বাস পাঠানো হয়। অসুস্থ চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন।
দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ বলেন, তিনি নিজের জন্য কাজটি করেননি; বরং ঈশ্বরের নামে নিঃস্বার্থভাবে শিশুদের রক্ষার চেষ্টা করেছেন। তাঁর ভাষায়, “যে ব্যক্তি কারও জীবন রক্ষা করল, সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল”—পবিত্র কুরআনের সূরা আল-মায়েদার ৩২ নম্বর আয়াতের এই বাণীটি ওই মুহূর্তে তাঁর মনে পড়ে যায়।
আহমেদ আরও জানান, চিকিৎসাবিষয়ক টেলিভিশন সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’ থেকেও তিনি অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা পেয়েছেন। তবে বাস থামানোর মুহূর্তে তাঁর মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল কুরআনের সেই আয়াত।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া আহমেদের বাবা-মা পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া থেকে অভিবাসী হিসেবে এসেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান তাঁদের পারিবারিক ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সেন্ট পল ও পাশের মিনিয়াপোলিসে কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের অভিযান শুরুর পর দোকানের বিক্রি কমে গেছে বলেও জানান তিনি।
তবে বাস থামানোর ঘটনাটি আহমেদের পরিবার ও সম্প্রদায়ের জন্য ইতিবাচক পরিচিতি তৈরি করেছে বলে মনে করেন তিনি। একটি স্থানীয় বিপণন ও গণমাধ্যম প্রতিষ্ঠান তাঁকে সাহসিকতার স্বীকৃতি হিসেবে ১ হাজার ডলার পুরস্কার দিয়েছে। এ ছাড়া একটি আলোচনা সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি এবং সিটি কাউন্সিলের এক সদস্যও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
আহমেদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো, তাঁর এই কাজ ইরিত্রীয় ও পূর্ব আফ্রিকান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন, নিজের সম্প্রদায়কে ইতিবাচকভাবে সবার সামনে তুলে ধরতে পেরে তিনি গর্বিত।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি